ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনই থামছে না—হোয়াইট হাউস থেকে সরাসরি এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের সুরক্ষা ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে ‘অপারেশন এপিক ফিউরি’ অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের কড়া বার্তা, ইরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তবে দেশটিকে “প্রস্তরযুগে ফিরিয়ে দেওয়া হবে”।
প্রেসিডেন্ট ট্রাম্প ফের দাবি করেছেন যে, ইরান বিপজ্জনক মিসাইল তৈরির চেষ্টা করছে এবং তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পৌঁছাতে দেওয়া হবে না। আমেরিকার সুরক্ষাকে সবার আগে স্থান দিয়ে তাঁর এই আক্রমণাত্মক অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ট্রাম্পের এই যুদ্ধংদেহী বার্তার প্রভাব পড়েছে সরাসরি বিশ্ববাজারেও। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ ডলারে পৌঁছে গিয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে বড়সড় টান ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।





