ভবানীপুরেই হবে ‘খেল খতম’? এক আসনে জিতলেই বাংলায় সরকার বদলের ‘শর্টকাট’ দিলেন শাহ

মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের আগে হাজরা মোড় থেকে এক বিশাল রোড-শোতে অংশ নেন তিনি। সেখানে দাঁড়িয়ে শাহ স্পষ্ট জানান, এবার লক্ষ্য কেবল বাংলা জয় নয়, মমতাকে তাঁর নিজের ঘরে ঢুকে হারানো। নন্দীগ্রামের স্মৃতি উসকে দিয়ে তিনি বলেন, “শুভেন্দু নন্দীগ্রামে মমতাকে হারিয়েছে, এবার ভবানীপুরেও হারাবে।”
তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে শাহ অভিযোগ করেন, বাংলায় বেকারত্ব ও দুর্নীতির নয়া রেকর্ড তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে তিনি দাবি করেন, ৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন হবে। ভবানীপুরবাসীর উদ্দেশ্যে তাঁর বিশেষ বার্তা— “আপনারা এই একটি আসনে বিজেপিকে জেতান, তাহলে গোটা বাংলায় পরিবর্তনের কাজ সহজ হয়ে যাবে।” ১৭০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপানো বিজেপি এদিন শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতায় কার্যত শক্তিপ্রদর্শন করল। রাজনৈতিক মহলের মতে, মোদীও শীঘ্রই এই হাই-ভোল্টেজ কেন্দ্রে প্রচারে আসতে পারেন, যা লড়াইকে আরও কঠিন করে তুলবে।