‘ইমরান খান প্রয়াত’! আদিয়ালা জেলে ‘খুন’ হওয়ার ভুয়ো খবর ভাইরাল, জেলের সামনে বিক্ষোভ সমর্থকদের!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নাকি প্রয়াত—সোশাল মিডিয়ায় এমন খবর ভাইরাল হওয়ায় পাকিস্তানে তীব্র শোরগোল তৈরি হয়েছে। যদিও, এই খবর সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন, এবং এনিয়ে কোনও সরকারি বা বিশ্বাসযোগ্য সূত্র থেকে বিবৃতি সামনে আসেনি।
ঘটনার সূত্রপাত ‘আফগান টাইমস’ নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে। তারা অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে ইমরান খানকে ‘খুন’ করা হয়েছে। যদিও, এবিপি আনন্দ বা অন্য কোনও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই খবরের সত্যতা যাচাই করেনি।
গুজব ছড়ানোর কারণ:
আজ ইমরান খানের পরিবারের সদস্যদের (বোন নোরিন, আলিমা ও উজমা) তাঁর সঙ্গে জেলে দেখা করতে দেওয়া হয়নি।
পরিবারের অভিযোগ, ইমরানকে নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং তাঁর উপর ‘পাশবিক নিগ্রহ’ করা হয়েছে।
দেখা করতে না দেওয়ায় তাঁর বোনেরা জেলের বাইরে প্রতিবাদে বসলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।
এই খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার ইমরান সমর্থক রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলের সামনে ভিড় করে। এক্স হ্যান্ডেলে অসংখ্য পোস্টে দাবি করা হয়, তাঁকে নির্জন কারাবাসে মেরে ফেলা হয়েছে।
আগে কী বলেছিলেন ইমরান? প্রসঙ্গত, গত মে মাসেই ইমরান খান মন্তব্য করেছিলেন যে, তিনি ‘অত্যাচার এবং নিপীড়নের কাছে মাথা নত করার পরিবর্তে সারা জীবন জেলেই কাটিয়ে দিতে চাইব।’ একই সঙ্গে তিনি পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে কটাক্ষ করে বলেছিলেন, “জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে… এই মুহূর্তে দেশে জঙ্গলের আইন চলছে। আর জঙ্গলে একজনই রাজা থাকেন।”