ইন্দিরা গান্ধীকে টপকে টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড, ভারতের ইতিহাসে নতুন মাইলফলক মোদির

ভারতীয় রাজনীতিতে নতুন এক মাইলফলক স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, টপকে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দীর্ঘদিনের নজির। প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪০৭৮ দিন ধরে তিনি এই গুরুদায়িত্ব পালন করছেন।

যদিও দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় শীর্ষে এখনও রয়েছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। স্বাধীনতার পর থেকে ১৯৬৪ সাল পর্যন্ত একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। নেহরুর পর দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার দ্বিতীয় নজির ছিল ইন্দিরা গান্ধীর। তিনি প্রথম দফায় ১১ বছর ৫৯ দিন এবং পরে ১৯৮০ সালের নির্বাচনে জিতে আরও ৪ বছর ২৯১ দিন প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা নরেন্দ্র মোদি বর্তমানে ১১ বছর ৬০ দিন ধরে সরকারপ্রধানের পদ সামলাচ্ছেন, যা তাকে দ্বিতীয় স্থানে তুলে এনেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই তার রাজনৈতিক জীবনে একাধিক উল্লেখযোগ্য নজির স্থাপন করেছেন। তিনি ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী। এছাড়াও, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সরকারপ্রধানের পদে থাকার রেকর্ডটিও তার দখলে।

ভারতের টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড:

জওহরলাল নেহরু: ১৬ বছর ২৮৬ দিন

নরেন্দ্র মোদি: ১১ বছর ৬০ দিন

ইন্দিরা গান্ধী: ১১ বছর ৫৯ দিন

মনমোহন সিং: ১০ বছর ৪ দিন

অটলবিহারী বাজপেয়ী: ৬ বছর ৬৪ দিন

এসবের পাশাপাশি, অহিন্দিভাষী রাজ্য থেকে আসা নেতা হিসাবেও দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন মোদি। কংগ্রেসের বাইরের কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে তিনিই প্রথম যিনি টানা দুই দফা প্রধানমন্ত্রিত্ব সফলভাবে পূর্ণ করেছেন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একমাত্র অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবেও তিনি নতুন রেকর্ড গড়েছেন।

এই নজির গড়ার বিশেষ দিনে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশেই নেই। বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেই উপলক্ষে তিনি ব্রিটেনে গিয়েছেন। সেখান থেকে তিনি মালদ্বীপ সফরে যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই রেকর্ড নিঃসন্দেহে তার রাজনৈতিক ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy