ইন্টারপোলের জালে ২৬/১১-র মূল চক্রীরা! হাফিজ সাঈদ ও লাখভিকে ধরতে মোক্ষম চাল ভারতের

মুম্বইয়ে ২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ সন্ত্রাসী হামলার ঘটনায় আইনি প্রক্রিয়া আরও কঠোর করতে চলেছে ভারত। লস্কর-ই-তৈবা (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ এবং জাকি-উর-রহমান লাখভিসহ ছয়জন পাকিস্তানি অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা ও রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতি শুরু হয়েছে। অভিযুক্তরা পাকিস্তানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শুরু করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে মুম্বই পুলিশ।
মুম্বই হামলা মামলায় বিশেষ আদালতের শুনানিতে সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম জানান, পলাতক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ঘোষণাপত্র জারির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) ২০২৩-এর ৩৫৬ ধারা অনুযায়ী, বিচার এড়াতে পলাতক ঘোষিত অপরাধীদের অনুপস্থিতিতে পূর্ণাঙ্গ ফৌজদারি বিচার পরিচালনা করার নিয়ম রয়েছে। এই প্রথম কোনো আন্তর্জাতিক সন্ত্রাস মামলায় অভিযুক্তদের অনুপস্থিতিতে এমন বিচারকার্য পরিচালিত হতে চলেছে। আদালতে আগামী ৯০ দিনের মধ্যে এই ছয় পাকিস্তানি সন্ত্রাসীর বিরুদ্ধে প্রমাণ পেশ করা হবে।
২০০৮ সালের নভেম্বরে পাকিস্তান থেকে আসা দশ জন লস্কর সন্ত্রাসী মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। এই রক্তক্ষয়ী হামলায় ছয়জন বিদেশি নাগরিকসহ মোট ১৬৬ জন প্রাণ হারান। একমাত্র জীবিত ধরা পড়া সন্ত্রাসী আজমল কাসাবের বিচার ও ফাঁসির পর এবার বাকি পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে এই আন্তর্জাতিক ও আইনি পদক্ষেপ ভারতের সন্ত্রাসদমন লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।