আট ঘণ্টা ধরনায় বসলেন রাহুল! পেলেট কাণ্ডে শেষ পর্যন্ত কোন ধারায় এফআইআর করল দিল্লি পুলিশ?

দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় বামপন্থী বিক্ষোভ চলাকালে পেলেট গুলিতে ১৯ বছর বয়সী এক যুবকের জখম হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি থানর বাইরে প্রায় আট ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর এই অনড় প্রতিবাদের পরেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। শেষ পর্যন্ত এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর ১১৮ এবং ১২৫ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। এর মধ্যে ১১৮ নম্বর ধারায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে স্বেচ্ছায় গুরুতর আঘাত হানার অভিযোগের কথা বলা হয়েছে। পাশাপাশি, ১২৫ নম্বর ধারায় অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার মতো কার্যকলাপের বিষয়টি যুক্ত করা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে দায়ের করা এই এফআইআরে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি।

ঘটনার জেরে রাহুল গান্ধী একে ন্যায়বিচারের পথে প্রথম পদক্ষেপ বলে অভিহিত করলেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, এই ঘটনার পর রাজনৈতিক মহলে চাপানউতোর আরও তীব্র হয়েছে।