ইডেন গার্ডেন্সে T20 বিশ্বকাপ! আহমেদাবাদে ফাইনাল, BCCI-এর শর্টলিস্টে আর কোন ৫ শহর?

বছর ঘুরলেই বসতে চলেছে ক্রিকেটের মেগা আসর— টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার পুরুষ দলের পালা। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ইতিমধ্যেই ২০২৬ সালের এই টুর্নামেন্টের জন্য স্টেডিয়ামগুলির একটি শর্টলিস্ট তৈরি করে ফেলেছে। ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর হল, বিশ্বকাপের ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সেও।

BCCI সূত্রে জানা গেছে, ভারতে যে পাঁচটি শহরে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি হবে, সেগুলি হল: আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বই।

ফাইনাল হবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম, আহমেদাবাদে
বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, যেখানে এক লক্ষেরও বেশি দর্শকের আসন রয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল।

বেঙ্গালুরুকে একটিও ম্যাচ দেওয়া হলো না
সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, মহিলা ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু লিস্টে না থাকার পর পুরুষদের টি২০ বিশ্বকাপেও বেঙ্গালুরুকে একটিও ম্যাচ দেওয়া হলো না। গত জুন মাসে আইপিএল জেতার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর থেকেই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (KCA) আন্তর্জাতিক ম্যাচ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কায়
এবারের টি২০ বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা। আগামী সপ্তাহেই আইসিসি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারে।

ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই মূলত এই যৌথ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, দুই দেশই একে অপরের দেশে গিয়ে খেলতে রাজি নয়। ফলে যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তাহলে তা শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামের মধ্যে একটিতে হবে। কলম্বোও সেই তালিকার মধ্যে রয়েছে।

ফাইনালে উঠলে পাকিস্তানের জন্য শ্রীলঙ্কা
ICC, BCCI এবং PCB-এর মধ্যে একটি বিশেষ সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী, যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তবে সেই ম্যাচটি শ্রীলঙ্কার কোনো একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর যদি ভারত বা অন্য যেকোনো দল ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারত গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে দল মানসিকভাবে অনেকটাই আত্মবিশ্বাসী থাকবে বলে মনে করা হচ্ছে।