গত কয়েক দিনের আপেক্ষিক শান্তির পর ফের অস্থির হয়ে উঠল পশ্চিম এশিয়া। লেবাননে ইজরায়েলি হামলার জেরে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া ভঙ্গুর সংঘর্ষবিরতি কার্যত ভেস্তে যাওয়ার মুখে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামে। বৃহস্পতিবার এক লাফে কয়েক ডলার বেড়ে তেলের দাম এখন ১০০ ডলার স্পর্শ করার অপেক্ষায়।
হরমুজে নতুন ‘ফতোয়া’ ও তেলের দাম: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (IRGC) সাফ জানিয়েছে, ইজরায়েল সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। ফলে স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়েছে।
নতুন শুল্ক: ইরান ও ওমান ঘোষণা করেছে, হরমুজ দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজকে ব্যারেল প্রতি ১ ডলার করে শুল্ক দিতে হবে।
ব্রেন্ট ক্রুড: ফিউচার্সে তেলের দাম ৩.৩১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৭.৮৯ ডলার ছুঁয়েছে।
WTI ক্রুড: ৪.২ শতাংশ বেড়ে এর দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৯৮.৩৮ ডলার।
কেন এই অস্থিরতা? ৭ এপ্রিল সংঘর্ষবিরতি ঘোষণার পর তেলের দাম ১০০ ডলারের নিচে নেমে আসায় স্বস্তি ফিরেছিল বিশ্ব অর্থনীতিতে। কিন্তু লেবাননে ইজরায়েলি হানায় তেহরান কঠোর অবস্থান নিয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পেরোনোর চেষ্টা করলে হামলা চালানো হবে। এই অনিশ্চয়তায় বড় ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারও।
ভারতের বাজারে এর প্রভাব কী? বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও ভারতের পেট্রোল ও ডিজেলের দামে এখনই কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত আন্তর্জাতিক দামের প্রভাব ঘরোয়া বাজারে পড়তে কয়েক দিন সময় লাগে। তাছাড়া, ভারতের তেল বিপণন সংস্থাগুলো (OMCs) বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।





