আর প্রেক্ষাগৃহ নয়! এবার কলেজেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধন করলেন গৌতম ঘোষ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত এই উৎসব চলবে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের সভাঘরে। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই উৎসবের আয়োজন করেছে বিবেকানন্দ ব্রাদারহুড এবং ইউথ ফাউন্ডেশন, যাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে বিবেকানন্দ কলেজের ফিল্ম স্টাডিজ বিভাগ ও সিনে ক্লাব। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, তরুণ প্রজন্মের মধ্যে চলচ্চিত্র চর্চা ছড়িয়ে দেওয়া এবং সমাজের কাছে স্বামী বিবেকানন্দের আদর্শকে আরও বেশি করে তুলে ধরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনুপ রায় চৌধুরী এবং শীলা দত্ত। তাঁরা নিজেদের বক্তব্যে চলচ্চিত্রের সামাজিক দায়বদ্ধতা এবং যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে কলেজের শিক্ষক-ইন-চার্জ প্রফেসর নবকিশোর চন্দ এবং উৎসব সভাপতি প্রবর মহাপাত্র জানান, এই আয়োজন ছাত্রছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার সুযোগ করে দেবে এবং ক্যাম্পাসে এক নতুন সাংস্কৃতিক পরিবেশ তৈরি করবে।
চার দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন তথ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। পাশাপাশি থাকছে কর্মশালা ও আলোচনা, যেখানে অভিজ্ঞ পরিচালক, গবেষক ও শিক্ষার্থীরা মত বিনিময়ের সুযোগ পাবেন। এই ধরনের আয়োজন শুধু কলেজ বা কলকাতার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানচিত্রে এক বিশেষ স্থান করে নেবে বলে আশাবাদী আয়োজকরা।