আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ মিনিটখানেকের উপস্থিতিতেই চমকে দিয়েছিলেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। প্রথমবার পিতা-পুত্রের এই সিনেদুনিয়া ভাগ করে নেওয়া দৃশ্য দেখে মুগ্ধ দর্শকরা। এরপর থেকেই ভক্তদের নতুন দাবি— এবার ‘মুফাসা’ (শাহরুখ) এবং ‘সিম্বা’ (আরিয়ান)-কে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে না?
ছেলের অভিষেকের দিন গর্বিত বাবা
আরিয়ান খান পরিচালিত সিরিজটির অভিষেকের মুহূর্তে যেন আরও একবার রাজা হয়ে উঠেছিলেন শাহরুখ খান। মঞ্চে দাঁড়িয়ে গর্বভরে তিনি বলেছিলেন, “আমি ভাগ্যবান যে, এই পবিত্র দেশের, মুম্বইয়ের এই মাটিতে গত ৩০ বছর ধরে আপনাদের খুশি করার সুযোগ পেয়েছি। আজকের দিনটা আমার জীবনের বড় আনন্দের। কারণ, আজ আমার ছেলেও এই পুণ্যভূমিতে প্রথম পদ রাখছে… ওর কাজ যদি আপনাদের ভাল লাগে, তবে করতালিতে তাকে আশীর্বাদ করবেন। তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।”
সেই আশীর্বাদই যেন এখন বাস্তবের রূপ নিতে শুরু করেছে।
বড়পর্দায় বাবা-ছেলেকে দেখার দাবি
‘ব্যাডস অফ বলিউড’-এর পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাঁদের জিজ্ঞাসা, আরিয়ানের পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছবিতে কবে দেখা যাবে শাহরুখ খানকে?
বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে #AskSRK সেশনে ঠিক এই প্রশ্নের মুখোমুখি হতে হয় কিং খানকে। তাঁর স্বভাবসুলভ রসবোধে জবাবও এল বেশ মজার ঢঙে। শাহরুখ হাসতে হাসতে প্রশ্ন ছুড়লেন:
“আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আর আমার ঘ্যানঘ্যানানি কতটা সহ্য হবে ওর?”
কিং খানের এমন রসিক জবাবে হাসিতে ফেটে পড়েছে নেটদুনিয়া। কেউ কেউ মজা করে বলেছেন, “বাবা-ছেলের রসায়ন পর্দার বাইরেও অমলিন।” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “শাহরুখ কি তবে আরিয়ানের পরিচালনা নিয়ে খানিক সন্দিহান?”
তবে সন্দেহ যাই হোক না কেন, ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচার মঞ্চে এক গর্বিত বাবা আর এক আত্মবিশ্বাসী পুত্রের উপস্থিতি যেন বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে—যা ভবিষ্যতে আরও অনেক চমক নিয়ে আসবে বলেই মনে করছেন ভক্তরা।