‘আরশোলা কখনও মরে না!’ জেল থেকে বের হতেই বিজেপির উদ্দেশ্যে কী বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন সিজেপি প্রধান?

বিমানে চরম নাটকীয়তা, রাতভর অনিশ্চয়তা এবং শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কঠোর শর্তসাপেক্ষ নির্দেশ! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং ভোটার তালিকা কারচুপির অভিযোগে রাজধানী দিল্লিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অবশেষে মুক্তি পেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র তিন শীর্ষ নেতা—অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা।
শনিবার দিল্লিতে বিমানের চাকা ছুঁতেই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। Indira Gandhi International Airport-এ এয়ার ইন্ডিয়ার বিমানেই হানা দেয় দিল্লি পুলিশের একটি বিশেষ টিম। বিমানেই তিন সিজেপি নেতাকে ঘিরে ফেলা হয়। সহযাত্রীদের মুঠোফোনে বন্দি হয় সেই হাইভোল্টেজ ড্রামা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিজেপি প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট কণ্ঠে বলছেন, “আমরা গ্রেফতার হতে ভয় পাই না, আন্দোলনের জন্যই দিল্লিতে এসেছি!” কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ বিমান থেকেই তাঁদের হেফাজতে নেয়।
রবিবার সকালে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে ১ বছরের জন্য শান্তিভঙ্গের কোনো কাজ না করার শর্তে জামিন দেওয়া হয়। মুক্তির পরই সিজেপি-র পক্ষ থেকে এক্স (টুইটার) হ্যান্ডলে তীব্র প্রতিক্রিয়া দিয়ে লেখা হয়, “অবশেষে পুলিশ তাঁদের মুক্তি দিতে বাধ্য হল। মনে রাখবেন, আরশোলা কখনও মরে না।” রাজনৈতিক পারদ এখন মধ্যগগনে।