বজ্রঝড়ের গতিতে ধেয়ে আসছে সর্বনাশা জলরাশি! নেপালে হড়পা বানে ভেসে গেল ঘরবাড়ি-সেতু, জারি চরম সতর্কতা

ফের প্রকৃতির কোপে বিপর্যস্ত নেপাল। রবিবার সকালে গোর্খা জেলার বুধি গণ্ডকী নদীতে হঠাৎ নেমে আসা ভয়াবহ হড়পা বানের জেরে নদী তীরবর্তী অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, কাঠমাণ্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামের কাছে ভূমিধসের ফলে বুধি গণ্ডকী নদীর গতিপথ মারাত্মকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল। এর জেরে নদীর নিম্ন অববাহিকায় হঠাৎ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়।প্রবল জলের তোড়ে একাধিক বাড়ি, দুটি সেতু এবং একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণস্থল ভেসে গিয়েছে বলে খবর। এই আকস্মিক বিপর্যয়ে নদীর নিম্নপ্রবাহের তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ এবং স্থানীয় হোটেলগুলিতে থাকা পর্যটকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত পালিয়ে যান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোর্খা জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক ধর্মেন্দ্র কুমার মিশ্র নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লাগাতার সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যদিও প্রশাসনের কর্তারা সামগ্রিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ খতিয়ে দেখছেন। উল্লেখ্য, গত মাসেই নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে দেড় হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছিল, যার ফলে নতুন করে এই হড়পা বান দেখা দেওয়ায় পাহাড়ি জনপদে গভীর আতঙ্ক বিরাজ করছে।