গতবারের সুপারহিট গান ভোলানোর পালা! পুজোয় নতুন চমক নিয়ে হাজির বাংলা ব্যান্ড ‘চিরকুট’!

গত বছর দুর্গাপুজোর মরশুমে শ্রোতাদের মনে ঝড় তুলেছিল বাংলা ব্যান্ড ‘চিরকুট’-এর জনপ্রিয় গান ‘অষ্টমীতে তোমার পাড়ায়’। সেই অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার পুজোর বাজারে আরও এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই জনপ্রিয় ব্যান্ড। আজই মুক্তি পাচ্ছে তাঁদের একেবারে নতুন মিউজিক ভিডিও ‘ট্রেন্ডি গানের স্টোরি’। আগের বারের মতো এই গানেও খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া এবং মিষ্টি পুজোর প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের মন জয় করবে বলেই সম্পূর্ণ আশাবাদী ব্যান্ড ও নির্মাতারা।
নতুন এই প্রজেক্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘চিরকুট’ টিম জানিয়েছে, গত বছর ‘অষ্টমীতে তোমার পাড়ায়’ গানটি শ্রোতাদের কাছ থেকে যে অপরিসীম ভালোবাসা ও সাড়া পেয়েছিল, সেটাই তাদের এই নতুন গান উপহার দেওয়ার সাহস জুগিয়েছে। সেই প্রেরণা থেকেই এই নতুন ভাবনার জন্ম। ‘ট্রেন্ডি গানের স্টোরি’ মিউজিক ভিডিওতেও পুজো এবং প্রেমের চিরন্তন আবেগকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের ভীষণভাবে আপন করে নেবে। উল্লেখ্য, এই গানে সুর ও মিউজিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়। আর গানের মিষ্টি কথায় কণ্ঠ দিয়েছেন সৃজিত মিত্র এবং শুভম মিত্র।
এই মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। তিনি জানান, ‘অষ্টমীতে তোমার পাড়ায়’ গানটি তাঁরও ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয়। কিশোরবেলার নস্ট্যালজিয়া, দুর্গাপুজোর আবেগ এবং মনের মানুষের প্রতি ভালোলাগার স্মৃতি এই গানটি বারবার মনে করিয়ে দেয়। চিরকুটের নতুন এই গানে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর বিশ্বাস, দর্শকরা গানটিকে নিজেদের জীবনের গল্প বলেই মনে করবেন এবং তাঁদের এই নতুন কাজ ভীষণ ভালো লাগবে।
অন্যদিকে, অভিনেত্রী অরুণিমা হালদারও এই গান নিয়ে অত্যন্ত আশাবাদী। তাঁর মতে, গতবার ‘অষ্টমীতে তোমার পাড়ায়’ গানটি যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, তা সত্যিই স্মরণীয়। এবারের ‘ট্রেন্ডি গানের স্টোরি’ সম্পূর্ণ নতুন একটি গল্প বললেও তা দর্শকের মনে পুজোর সেই চিরচেনা নস্ট্যালজিয়া এবং বাঙালিয়ানার পরশ বুলিয়ে দেবে। গানটি দেখার পর দর্শকদের কেমন প্রতিক্রিয়া আসে, এখন সেই অপেক্ষাতেই দিন গুণছেন গোটা টিম।