লাল রঙের সবজিতেই লুকিয়ে আসল জাদুদণ্ড! এই ৫টি জিনিস ডায়েটে রাখলেই রোগ ব্যাধি কাৎ!

আমাদের দৈনন্দিন সুষম ডায়েটে লাল রঙের সবজির গুরুত্ব অপরিসীম। টমেটো থেকে শুরু করে লাল লঙ্কা কিংবা লাল ক্যাপসিকাম—এই সবজিগুলোতে ভরপুর মাত্রায় থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ। নিয়মিত এই উপাদানগুলো খাদ্যতালিকায় রাখলে তা শরীর সুস্থ রাখতে এবং একাধিক ক্রনিক রোগ প্রতিরোধে দুর্দান্ত কাজ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্র ভালো রাখতে পাঁচটি লাল সবজির জুড়ি মেলা ভার।
প্রথমেই আসে টমেটোর কথা। এতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন, ভিটামিন এ, সি, পটাশিয়াম এবং ফাইবার। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন কোষের ক্ষয় রোধ করে খারাপ কোলেস্টেরল (LDL) কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখে। পাশাপাশি এটি প্রোস্টেট, ফুসফুস ও স্তন ক্যানসারের ঝুঁকি কমায় এবং ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে। অন্যদিকে ঝালপ্রেমীদের পছন্দের লাল লঙ্কায় থাকা ক্যাপসাইসিন শরীরের মেটাবলিজম ৫-৮% পর্যন্ত বাড়িয়ে দ্রুত ক্যালরি পোড়াতে সাহায্য করে।
ভিটামিন সি-এর পাওয়ার হাউস বলা যায় লাল ক্যাপসিকামকে। একটি লাল ক্যাপসিকাম থেকেই দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সি-এর ২০০ শতাংশেরও বেশি পাওয়া সম্ভব। এটি রক্তচাপ না বাড়িয়েই মেটাবলিজম বাড়ায় এবং এতে থাকা ভিটামিন বি৬ ও ম্যাগনেসিয়াম মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে। আবার সালাডের পরিচিত উপাদান মুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তনালী শিথিল রাখে এবং এতে ক্যালরি অত্যন্ত কম থাকায় ওজন নিয়ন্ত্রণে ভীষণ কার্যকরী।
সবশেষে লাল বাঁধাকপির গাঢ় বেগুনি-লাল রঙে থাকা অ্যান্থোসায়ানিন ও ভিটামিন কে হাড়ের শক্তি বাড়াতে এবং প্রদাহ কমাতে জাদুকরী ভূমিকা পালন করে। এতে থাকা ইনসলিউবল ফাইবার হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়। প্রতিদিনের খাবারের পাতে এই পাঁচটি লাল সবজি রাখলে পুষ্টির ঘাটতি মেটার পাশাপাশি হার্ট, হাড় এবং পেটের স্বাস্থ্য চমৎকার থাকে।