আমেরিকা যাত্রায় বড় ধাক্কা! ভিসা ইন্টারভিউয়ের অপেক্ষা পৌঁছাল রেকর্ড এক বছরে

আমেরিকা ভ্রমণের পরিকল্পনা করছেন বা জরুরি ব্যবসার কাজে মার্কিন মুলুকে উড়াল দেওয়ার কথা ভাবছেন? তবে এই খবর আপনার জন্য বড়সড় ধাক্কা হতে পারে। ভারতীয় ভ্রমণকারীদের জন্য মার্কিন ভিসা অর্জন করা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সরকারের নিজস্ব পরিসংখ্যান এবং শীর্ষ পর্যবেক্ষণ সংস্থা ‘গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস’ (GAO)-এর সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে নন-ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ বিশেষ করে ট্যুরিস্ট ও বিজনেস (B1/B2) ভিসার জন্য ভারতীয় আবেদনকারীদের ইন্টারভিউ স্লট পেতে গড়ে প্রায় ৩৪৪ থেকে ৪৬ দিন অর্থাৎ প্রায় এক বছর বা তার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। যেখানে করোনা মহামারীর আগে ২০১৯ সালে এই অপেক্ষার সময় মাত্র ৪২ দিন ছিল, তা আজ আট গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ভারতে ভিসার চাহিদা এবং মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কাজের সক্ষমতার মধ্যে ব্যাপক ফারাকের কারণে এই সংকট তৈরি হয়েছে।
ভারতে কাজের প্রচণ্ড চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২০২৫ অর্থবছরে ভারতে প্রায় ১৪.৫ লক্ষ নন-ইমিগ্রেন্ট ভিসার আবেদন জমা পড়েছে, যা সামলানোর জন্য মাত্র ৬৮ জন কনস্যুলার অফিসার নিয়োজিত ছিলেন। এর ফলে প্রতিটি অফিসারের ওপর প্রায় ২১,৪০১টি আবেদনের বিশাল কাজের চাপ ছিল। বর্তমানে হায়দরাবাদে প্রায় ১২ মাস, মুম্বইয়ে ১১.৫ মাস এবং নতুন দিল্লিতে ১০ মাস পর্যন্ত অপেক্ষার সময় চলছে। তবে ছাত্র (F, M, J) এবং কাজের ভিসার (H, L) ক্ষেত্রে অপেক্ষার সময় তুলনামূলক কম রয়েছে।
দীর্ঘ অপেক্ষার পাশাপাশি ভিসার খরচও আকাশছোঁয়া হয়েছে। B1/B2 ভিসার সাধারণ প্রসেসিং ফি ১৮৫ ডলার এবং পিটিশন-বেসড ভিসার ফি ২০৫ ডলার। এর পাশাপাশি মার্কিন কংগ্রেসের নতুন নিয়ম অনুযায়ী ২৫০ ডলারের ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’ যুক্ত করা হয়েছে, যা আবেদনকারীদের আর্থিক বোঝা আরও বাড়িয়ে দিয়েছে।