মহাকাশে ভয়াবহ বিস্ফোরণ! চুরমার হয়ে গেল আমেরিকার গুপ্তচর স্যাটেলাইট, নেপথ্যে কি কোনো গোপন হামলা?

মহাকাশে হঠাৎ এক তীব্র বিস্ফোরণে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল আমেরিকার একটি ঐতিহাসিক স্পাই বা গুপ্তচর স্যাটেলাইট। ঠান্ডাযুদ্ধের সময় চরবৃত্তির উদ্দেশ্যে মহাকাশে পাঠানো এই কৃত্রিম উপগ্রহটির নাম ‘USA 32’ (যা ‘Farrah 3’ নামেও পরিচিত)। ১৯৮৮ সালে ন্যাশনাল রিকন্যাস্যান্স অফিস (NRO) এটি উৎক্ষেপণ করেছিল। দশকের পর দশক নিষ্ক্রিয় অবস্থায় পৃথিবীকে প্রদক্ষিণ করা এই স্যাটেলাইট হঠাৎ কেন বিস্ফোরিত হলো, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

কীভাবে সামনে এল ঘটনাটি?

চলতি বছরের শুরুতে জানা গিয়েছিল, সোভিয়েত রেডার এবং রেডিও সংকেতে আড়িপাতার কাজেই মূলক ব্যবহার করা হতো USA 32 স্যাটেলাইটটিকে। গত ১৭ সেপ্টেম্বর আমেরিকার মহাকাশ বাহিনীর নজরদারি বিভাগ ‘Space-Track’ প্রথম এই বিস্ফোরণের কথা প্রকাশ্যে আনে। তারা জানায়, গত ১৩ সেপ্টেম্বর আচমকাই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় স্যাটেলাইটটি। বর্তমানে এর হাজার হাজার টুকরো মহাকাশে ভাসছে। এমনকি, বেসরকারি স্যাটেলাইট-ট্র্যাকিং সংস্থা ‘s2a systems’ এই ধ্বংসাবশেষের বৃহত্তম টুকরোটির ছবিও ক্যামেরাবন্দি করেছে।

বিস্ফোরণের কারণ ঘিরে ঘনীভূত রহস্য

পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৭৭৫ কিলোমিটার উপরে এই বিস্ফোরণটি ঘটেছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একাধিক তত্ত্ব উঠে আসছে:

  • মহাজাগতিক ধাক্কা: বিজ্ঞানীদের একাংশের অনুমান, মহাশূন্যে ঘুরে বেড়ানো অন্য কোনো মহাকাশযান, স্যাটেলাইটের টুকরো বা কোনো গ্রহাণুর সঙ্গে সজোরে ধাক্কা লেগেই এই দুর্ঘটনা ঘটেছে।

  • বার্ধক্যজনিত কারণ: অনেকেই মনে করছেন, সুদীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে স্যাটেলাইটের ব্যাটারি বা প্রোপেল্যান্ট চরম ঠান্ডা ও গরমে ফেটে গিয়ে থাকতে পারে। ২০২১ সালে ‘NOAA-17’ স্যাটেলাইটের ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছিল।

  • মহাকাশ হামলা বা স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র: সবচেয়ে বেশি যে আশঙ্কাটি ঘুরপাক খাচ্ছে, তা হলো কোনো শত্রুপক্ষের স্যাটেলাইট-প্রতিরোধী অস্ত্রের প্রয়োগ। সম্প্রতি আমেরিকার মহাকাশবাহিনীর সচিব মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে আনার পর এই তত্ত্ব ঘিরে উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে।

বাড়ছে বড় বিপদের আশঙ্কা

পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে এই বিস্ফোরণ ঘটায় সেখানে থাকা আরও দুই শতাধিক সচল স্যাটেলাইট মারাত্মক বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ২০২৪ সালে ‘Intelsat 33e’ স্যাটেলাইট ধ্বংসের কারণ আজ পর্যন্ত স্পষ্ট হয়নি। ফলে USA 32-এর এই রহস্যজনক ধ্বংসের প্রকৃত সত্য উদঘাটন করতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।