আজ ২০ মে। ১৫০৬ সালের এই দিনেই পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ১৪৫১ সালে ইতালিতে জন্মগ্রহণকারী কলম্বাস পেশায় তাঁতি পরিবারের সন্তান হলেও, ছোটবেলা থেকেই সমুদ্রের হাতছানি তাঁকে টেনে নিয়েছিল অজানার উদ্দেশ্যে।
কলম্বাসের মূল লক্ষ্য ছিল সমুদ্রপথে ভারত, চীন ও জাপানের মতো এশীয় দেশগুলোতে পৌঁছানোর সহজ রাস্তা খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই ১৪৯২ সালে তিনি স্পেনের রাজার পৃষ্ঠপোষকতায় আটলান্টিক মহাসাগরে পাড়ি দেন। কিন্তু ভাগ্যের পরিহাসে বা অজানার আকর্ষণে তিনি এশিয়ার বদলে পৌঁছে যান ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং আমেরিকার মূল ভূখণ্ডে। এই আবিষ্কার বিশ্ব ইতিহাসে ‘নিউ ওয়ার্ল্ড’ বা নতুন দুনিয়া হিসেবে পরিচিতি পায়।
জীবদ্দশায় তিনি চারটি ঐতিহাসিক অভিযানের নেতৃত্ব দেন, যা মধ্য ও দক্ষিণ আমেরিকার ভূগোলের ধারণা পাল্টে দেয়। তবে তার জন্মস্থান নিয়ে আজও রয়েছে বিতর্ক; অনেকের মতে তিনি পর্তুগিজ ছিলেন। জীবনের শেষ বছরগুলো রাজনৈতিক প্রতিকূলতা ও অসুস্থতায় জর্জরিত থাকলেও, ইতিহাসের পাতায় তিনি চিরস্মরণীয় হয়ে আছেন একজন শ্রেষ্ঠ নাবিক হিসেবে। আজ তার মৃত্যুবার্ষিকীতে বিশ্ব তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।





