“আমি মাস্টারমাইন্ড নই!” মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক ধৃত মিম নেতা মোফাক্কেরুল

মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করলেন গ্রেফতার হওয়া মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। বুধবার আদালতে তোলার সময় টিভি ৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, তিনি কোনও ষড়যন্ত্রের ‘মাস্টারমাইন্ড’ নন এবং কাউকে প্ররোচনাও দেননি। তবে ভোটার তালিকা (SIR) থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর লড়াই যে চলবে, সেই হুঙ্কারও দিয়েছেন তিনি।
মোফাক্কেরুলের কথায়, “আন্দোলন চলবেই। জাতি-ধর্ম নির্বিশেষে যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁদের জন্য এই লড়াই থামবে না।” অন্যদিকে, ধৃত নেতার আইনজীবীদের দাবি, সংবাদমাধ্যম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘মাস্টারমাইন্ড’ বানিয়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ, ঘটনার সময় মোফাক্কেরুল ২৫ কিলোমিটার দূরে সূর্যাপুরে ভাষণ দিচ্ছিলেন, যার সঙ্গে মোথাবাড়ির ঘটনার সরাসরি যোগ নেই। মুখ্যমন্ত্রী তদন্তের আগেই ‘মাস্টারমাইন্ড’ তকমা দেওয়ায় প্রকৃত দোষীরা আড়াল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। ধৃত নেতা জানিয়েছেন, এনআইএ (NIA) তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন।