আমিষহীন হবে গঙ্গার ঘাট! অর্ধ কুম্ভের আগে হরিদ্বারে মাংসের দোকানে ‘বড় কোপ’ প্রশাসনের

বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র তথা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হরিদ্বারকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে উত্তরাখণ্ড প্রশাসন। আগামী ২০২৬-এর অর্ধ কুম্ভ মেলার আগেই শহরের সমস্ত কাঁচা মাংসের দোকান পুর এলাকার বাইরে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে হরিদ্বার পুর প্রশাসন।

হরিদ্বারের মেয়র কিরণ জয়সওয়াল জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল পুরসভার বোর্ড বৈঠকে এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পেশ করা হবে। বর্তমানে ‘হর কি পৌরি’-র ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে মাংস, মদ ও ডিম নিষিদ্ধ থাকলেও শহরের বিভিন্ন জায়গায় অসংখ্য অবৈধ দোকান চলছে বলে অভিযোগ। মেয়রের দাবি, লাইসেন্সপ্রাপ্ত ২০টি দোকানের বাইরেও বহু বেআইনি ব্যবসা চলায় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে এবং পথকুকুরের উপদ্রব বাড়ছে। প্রস্তাবটি অনুমোদিত হলে শহরের সমস্ত মাংসের দোকান শহরতলির সরাই গ্রামে স্থানান্তরিত করা হবে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী। তিনি জানান, অর্ধ কুম্ভ মেলায় কোটি কোটি ভক্ত সমাগম হবে, তাই ধর্মীয় পবিত্রতা বজায় রাখা জরুরি। রাজ্যের মুখ্যসচিব আনন্দ বর্ধনও জানিয়েছেন, কুম্ভের সময় ভক্তদের ভাবাবেগে আঘাত লাগে এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না। শুধু কাঁচা মাংসই নয়, হোটেল ও রাস্তার ধারের দোকানে রান্না করা আমিষ পদ পরিবেশন করা নিয়েও কড়া বিধিনিষেধ আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy