‘আমাদের দিকে জল ঠেললে আমিও ওদের দিকে জল ঠেলে দেব’, পুজোর মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মমতার

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার দুর্ভোগ নিয়ে যখন বিরোধীরা রাজ্য সরকারকে আক্রমণ করছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা জবাব দিতে ছাড়লেন না। নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “যদি আবার ফিরে আসতে পারি, কী করতে পারি দেখিয়ে দেব।”

জলে ভাসা নিয়ে রাজনীতি
বুধবার রাতের বৃষ্টিতে কলকাতা শহরে চরম দুর্ভোগ তৈরি হয়, যার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে বিরোধীরা সরকারের ব্যর্থতাকে দায়ী করে। পুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সেই অভিযোগের জবাব দেন। তিনি বলেন, “বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও, আর আমরা জল তাড়াই। সাড়ে ৫ লক্ষ পুকুর কেটেছি বাংলায়। তাই জলটা বের করে দিতে পারি।”

হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আগামী দিনে যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে আবার ফিরে আসতে পারি, বুঝিয়ে দেব কী করতে পারি। ওরা কিছু না করলে বিকল্প কী করা যায় দেখিয়ে দেব।” তিনি স্পষ্ট করে বলেন যে, তার দিকে জল ঠেললে তিনিও পাল্টা জল ঠেলে দেবেন।

যদিও বুধবার থেকেই শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল, তবুও কলকাতার কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য পুজোর উৎসবের মধ্যেও রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে।