আবার রাজ্যে মোদী! অনুপস্থিত দিলীপ ঘোষ, কেন সভায় গেলেন না? কী কারণ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার রাজ্যে আসছেন। আজ, শুক্রবার দমদমে তিনি নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ঘন ঘন এই সফর বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই সভা ঘিরে বিজেপির অন্দরে আবার ফাটল দেখা দিয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই অনুষ্ঠানেও অনুপস্থিত থাকছেন।


 

কেন সভায় গেলেন না দিলীপ ঘোষ?

আলিপুরদুয়ার এবং দুর্গাপুরের পর এবার দমদমের অনুষ্ঠানেও দেখা গেল না দিলীপ ঘোষকে। আজ সকালেই তিনি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছেন। কলকাতা বিমানবন্দরে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “আমি বেঙ্গালুরু যাচ্ছি রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। একটি মিটিংয়ের তারিখ অনেকদিন ধরেই ঠিক করা ছিল এবং উনি চিঠি দিয়ে আমাকে আসতে বলেছেন। আমার আজ কলকাতায় কোনো কাজ নেই।”

তিনি আরও বলেন, “দিলীপ ঘোষ কোনোদিন অভিমান করেনি। আমি ছোটবেলা থেকে দলের জন্য কাজ করেছি। হাজার হাজার কর্মী আমার মতো আছেন। দল যখন যোগ্য মনে করবে, তখন কাজ দেবে। এই মুহূর্তে আমার কোনো কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন, ভাষণ দেবেন, সেটা আমি মোবাইলেই শুনতে পারি। অন্য কোনো কাজ পেলে আমি অবশ্যই লেগে যাব।”

দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। অনেকের মতে, দলের মধ্যে দিলীপ ঘোষকে কিছুটা দূরে সরিয়ে রাখা হচ্ছে, যার ফলে তিনি অভিমান করেছেন। তবে দিলীপ ঘোষের বক্তব্য, তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান এবং দলের সিদ্ধান্ত মেনে চলেন।