আপ-এ চরম সংঘাত! মোদীকে ভয় পাচ্ছেন রাঘব? চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় রাজনীতি।

রাজ্যসভার উপনেতার পদ থেকে অপসারণ এবং তারপর পালটা ভিডিও বার্তা—সব মিলিয়ে আম আদমি পার্টি (AAP) এবং রাঘব চাড্ডার মধ্যকার বিরোধ এবার চূড়ান্ত রূপ নিল। শুক্রবার আপ-এর জাতীয় মিডিয়া প্রধান অনুরাগ ধান্দা সরাসরি রাঘবকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর স্পষ্ট দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলতেই এখন ভয় পাচ্ছেন রাঘব!

অনুরাগ ধান্দা বলেন, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের নির্ভীক সৈনিক। কিন্তু গত কয়েক বছর ধরে রাঘব বড্ড ভয় পাচ্ছেন। দেশের জ্বলন্ত ইস্যু বা মোদী সরকারের বিরুদ্ধে কথা বলতে তাঁর হাত কাঁপছে।” এখানেই শেষ নয়, সংসদে রাঘবের ভূমিকা নিয়ে কটাক্ষ করে দল জানায়, সংসদের মূল্যবান সময় দেশ বাঁচানোর জন্য, বিমানবন্দরের ক্যান্টিনে সিঙাড়ার দাম কমানোর আলোচনার জন্য নয়।

দলের অভিযোগ, গুজরাটে আপ কর্মীদের গ্রেফতারি নিয়ে রাঘব নীরব ছিলেন এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা প্রস্তাবে সই করতেও অস্বীকার করেন। এমনকি দলের সাংসদরা ওয়াকআউট করলেও তিনি নিজের আসনেই বসেছিলেন। রাজনৈতিক মহলের মতে, এই সংঘাতের পর আপ-এ রাঘবের ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy