বর্তমান যুগে পকেট বা মানিব্যাগে আধার কার্ড (Aadhaar) এবং প্যান কার্ড (PAN) থাকাটা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি এই দুই নথিতে আপনার বর্তমান মোবাইল নম্বরটি আপডেট রাখা। আয়কর জমা দেওয়া থেকে শুরু করে ব্যাংকের কাজ কিংবা সরকারি প্রকল্পের সুবিধা— সবেতেই ফোন নম্বরের ওটিপি (OTP) এখন মাস্ট। আপনার অজান্তেই যদি পুরোনো বা ভুল নম্বর লিঙ্ক হয়ে থাকে, তবে কিন্তু বড়সড় বিপদে পড়তে পারেন আপনি।
কেন নম্বর আপডেট রাখা জরুরি?
জালিয়াতি রুখতে: আপনার আধার বা প্যান ব্যবহার করে কেউ কোথাও জালিয়াতি করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ফোনে অ্যালার্ট আসবে।
ব্যাংকিং পরিষেবা: এখন কেওয়াইসি (KYC) বা বড় অঙ্কের লেনদেনের জন্য আধারের ওটিপি বাধ্যতামূলক।
সরকারি সুবিধা: পিএম কিষাণ বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা ঢোকা বা স্ট্যাটাস দেখার জন্য সঠিক মোবাইল নম্বর প্রয়োজন।
কীভাবে বাড়ি বসে আধার-প্যান আপডেট করবেন?
আধার কার্ডের জন্য:
১. প্রথমেই UIDAI-এর অফিসিয়াল পোর্টালে (myaadhaar.uidai.gov.in) যান। ২. ‘Book an Appointment’ অপশনে ক্লিক করে আপনার কাছের আধার সেবা কেন্দ্রটি বেছে নিন। ৩. অনলাইনে ফর্ম পূরণ করে সময় বা স্লট বুক করুন। ৪. বর্তমানে সম্পূর্ণ বাড়ি বসে আধার নম্বর পরিবর্তন সম্ভব নয় (সুরক্ষার কারণে), তবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে লাইনে না দাঁড়িয়ে মাত্র ৫ মিনিটে কাজ সেরে ফেলা যায়।
প্যান কার্ডের জন্য:
১. NSDL বা UTIITSL পোর্টালে গিয়ে ‘Update PAN Card’ অপশনে যান। ২. ‘Changes or Correction in existing PAN data’ ক্যাটাগরি বেছে নিন। ৩. প্রয়োজনীয় তথ্য এবং নতুন মোবাইল নম্বর দিয়ে আধার ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করুন। ৪. সামান্য ফি দিলেই আপনার প্যান কার্ডে নতুন নম্বরটি নথিভুক্ত হয়ে যাবে।
চেক করে নিন স্ট্যাটাস
আপনার নম্বরটি আদেও লিঙ্ক আছে কি না জানতে আধারের পোর্টালে গিয়ে ‘Verify an Aadhaar Number’-এ ক্লিক করুন। সেখানে আধার কার্ডের ১২টি সংখ্যা দিলে আপনার নথিভুক্ত মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখতে পাবেন।
নিজের সুরক্ষার খাতিরে আজই চেক করুন আপনার এই দুটি জরুরি নথির তথ্য। মনে রাখবেন, সঠিক তথ্য থাকলে আপনার আর্থিক লেনদেন থাকবে সুরক্ষিত!





