আধার কার্ড হারিয়ে গেলে কী করবেন? এফআইআর থেকে শুরু করে অনলাইন-অফলাইনে তথ্য উদ্ধারের সহজ উপায়

বর্তমানে সরকারি-বেসরকারি যে কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য আধার কার্ড অপরিহার্য। ব্যাঙ্কের অ্যাকাউন্ট, প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। এমনকি, চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য না হলেও পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে আধার কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে ভয় পাওয়ার কিছু নেই।

আধার কার্ড হারিয়ে গেলে, অনলাইন বা অফলাইনে সহজেই আধার কার্ডের ডিটেইলস বের করে নেওয়া যায়। এই সুবিধা দেয় আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)

প্রথম ধাপ: এফআইআর দায়ের

 

আধার কার্ড হারিয়ে গেলে প্রথমেই আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে বা অনলাইনে এফআইআর (FIR) দায়ের করতে হবে। চুরি হওয়া বা হারিয়ে যাওয়া আধার কার্ডের অপব্যবহার হলে, আইনি সুরক্ষার জন্য এই এফআইআর নথিটি থাকা অত্যন্ত জরুরি।

অনলাইনে আধার ডিটেইলস উদ্ধারের প্রক্রিয়া

 

যেসব নাগরিকের ফোন নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা আছে, তারা সহজেই অনলাইনে আধার নম্বর (UID) বা এনরোলমেন্ট আইডি (EID) বের করতে পারবেন:

১. প্রথমে ইউআইডিএআই-র ওয়েবসাইটে “Retrieve UID/EID” সার্ভিসে ক্লিক করুন বা সরাসরি এই লিঙ্কে যান: https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid-

২. এরপর আপনি আধার নম্বর নাকি এনরোলমেন্ট আইডি জানতে চাইছেন, তা সিলেক্ট করুন।

৩. আধার কার্ড অনুযায়ী পুরো নাম লিখুন।

৪. আপনার রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেইল আইডি ও ক্যাপচা (Captcha) দিন।

৫. আপনার রেজিস্টার্ড ফোনে ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

৬. অথেনটিকেশন হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে আধার নম্বর বা ইআইডি চলে আসবে।

যদি ফোন নম্বর লিঙ্ক না থাকে, তবে কী করবেন?

 

যদি আপনার ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলেও অফলাইনে আধার নম্বর বের করা সম্ভব:

  • এনরোলমেন্ট সেন্টারে যান: আপনি সরাসরি নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে পারেন। সেখানে গিয়ে প্রিন্ট আধার সার্ভিস (Print Aadhaar Service)-এর মাধ্যমে আপনি নিজের আধার নম্বর বের করতে পারবেন।

  • টোল ফ্রি নম্বরে ফোন: এছাড়া, ইউআইডিএআই-র টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করে আপনার ঠিকানা এবং অন্যান্য সঠিক তথ্য দিয়েও আধার কার্ডের তথ্য বের করা যায়।