পিষে দিল ‘দানব’ গাড়ি! নারকেল বিক্রেতা দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রক্তে ভাসল জাতীয় সড়ক

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার গোচিহার এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নারকেল বিক্রি করে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই ভাইয়ের নাম মৃণাল মিঞা (২৫) এবং মহাসিন মিঞা (২৮)। তারা দুজনেই গঙ্গারামপুর থানার গোচিহার এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো সেদিনও তারা নারকেল বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। গোচিহারের ৫১২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় দুই ভাই দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে ছিলেন।
পরে পথচারীদের নজরে এলে গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয় এবং আহতদের দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবারে এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ ঘাতক ট্রাকের চালকের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। গঙ্গারামপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ট্রাকটিকে খোঁজার চেষ্টা করছে।