সমবায় সমিতির কোটি কোটি টাকার তহবিল তছরুপ! ১৮ কোটির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সমবায় সমিতির তহবিল লোপাট মামলায় কোণঠাসা অভিযুক্তরা। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে এবার বেঙ্গালুরুর ‘শ্রীভাইভব সৌহার্দা সমবায় সমিতি’-র সঙ্গে যুক্ত প্রায় ১৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বেআইনিভাবে ঋণ পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের আমানত তছরুপ করার অভিযোগে এই বড় পদক্ষেপ করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এর আগে বেঙ্গালুরুর একটি থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে এই অর্থ পাচার মামলার তদন্ত শুরু হয়। তদন্তে নেমে আধিকারিকরা দেখতে পান, সমবায় সমিতির সাধারণ সদস্যদের জমানো টাকা নিয়মবহির্ভূতভাবে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও তাঁদের ঘনিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছিল। পরে সেই ঋণের টাকাই ঘুরপথে সম্পত্তি কেনা এবং ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করা হয়।

এই গোটা দুর্নীতির চক্রে রাজেশ ভিআর, নাগাবল্লী বিএস এবং তাঁদের বেশ কিছু সহযোগীদের যোগ রয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই মামলায় প্রায় ১৬ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি একটি অভিযোগপত্রও দাখিল করা হয়েছিল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ (PMLA) আইনের আওতায় নতুন করে আরও ১৮.৩২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অপরাধের মাধ্যমে অর্জিত এই সমস্ত সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।