আইএসএল-এর সেরা ‘সাপ্লাইয়ার’-কে দলে চাইছে ইস্টবেঙ্গল, দিমিকে ছেড়ে কাকে টার্গেট লাল-হলুদের

ডুরান্ড কাপের পরই গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তাঁর বদলি হিসেবে একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের খোঁজে ছিল লাল-হলুদ শিবির। সেই খোঁজ শেষ হতে চলেছে। ইস্টবেঙ্গল এবার প্রস্তাব পাঠাল স্কটিশ স্ট্রাইকার কনর শিল্ডসকে। গত মরসুমে আইএসএল-এর অন্যতম সেরা এই ফুটবলারকে দলে পেলে আক্রমণভাগে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের।
কে এই কনর শিল্ডস?
১৯৯৭ সালে স্কটল্যান্ডের কোটব্রিজে জন্ম নেওয়া এই স্ট্রাইকার গত মরসুমে চেন্নাইয়িন এফসি-র হয়ে খেলেছেন। আইএসএল শেষ হওয়ার পর তিনি চেন্নাইয়িনকে বিদায় জানালেও এখনো কোনো নতুন ক্লাবে যোগ দেননি। গত মরসুমে চেন্নাইয়িনের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও, শিল্ডস ব্যক্তিগতভাবে ছিলেন অনবদ্য।
সবচেয়ে বড় বিষয় হলো, তিনি নিজে গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করানোয় বেশি দক্ষ। পরিসংখ্যানের হিসেবে, গত মরসুমে তিনি ৮টি গোলে অ্যাসিস্ট করেছেন এবং প্রায় ৭৬টি গোলের সুযোগ তৈরি করেছেন। আইএসএল-এর ইতিহাসে এক মরসুমে এত বেশি গোলের সুযোগ আর কোনো ফুটবলার তৈরি করতে পারেননি। এমনকি কেরালা ব্লাস্টার্সের তারকা অ্যাড্রিয়ান লুনা থেকেও ২১টি বেশি সুযোগ তৈরি করেছেন শিল্ডস।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইস্টবেঙ্গলের
গত কয়েক বছর ধরে আইএসএল-এ ইস্টবেঙ্গলের পারফরম্যান্স হতাশাজনক। এবার নতুন কোচ অস্কার ব্রুজোঁর অধীনে শক্তিশালী দল গড়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে ক্লাব। শিল্ডসের মতো একজন সৃজনশীল স্ট্রাইকার দলে এলে দলের শক্তি নিশ্চিতভাবেই বাড়বে। তবে শিল্ডসকে ঠিক কত টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিক আলোচনা চলছে। যদি এই স্কটিশ তারকা লাল-হলুদ শিবিরে যোগ দেন, তবে আসন্ন আইএসএল-এ ইস্টবেঙ্গলকে আরও শক্তিশালী দল হিসেবে দেখা যাবে।