আদালতের রোষের মুখে রাজ্যের মুখ্যসচিব, ‘আইনজীবীরা অসুস্থও হতে পারবেন না’, কেন চরম হুঁশিয়ারি হাইকোর্টের

বিচারবিভাগীয় কাজে অর্থ বরাদ্দ নিয়ে রাজ্যের উপর চরম ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। অর্থের অভাবে বিভিন্ন আদালতের প্রচুর কাজ আটকে রয়েছে, এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে কড়া প্রশ্ন ছুঁড়ে দিয়েছে আদালত।

বুধবার বিচারপতি দেবাশীষ বসাক প্রশ্ন তোলেন, ‘সিসিটিভি বসানো এবং ফুটেজ সংরক্ষণের কাজ প্রায় ২০২৪ সাল থেকে আটকে আছে। আর কতদিন সময় লাগবে?’ তিনি আরও জানতে চান, ‘প্রধান বিচারপতির সঙ্গে শেষ কবে কথা হয়েছে? জেলা আদালতের দিকে দেখুন, কীভাবে কাজ হচ্ছে!’

বিচারপতি আরও বলেন, ‘প্রায় ১৭ কোটি টাকা দেওয়ার কথা ছিল, সেটা কী হল? ধাপে ধাপে টাকা বরাদ্দ হচ্ছে, আজই ১০ কোটি টাকা দেওয়া হচ্ছে।’ আইনজীবীদের স্বাস্থ্য পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্টে আরেকটি মেডিক্যাল ইউনিট করার কথা ছিল, সেটাও হচ্ছে না। কোনও আইনজীবী তো অসুস্থও হতে পারবেন না!’

আদালত জানায়, ৫৫টি প্রকল্প বন্ধ রয়েছে, প্রিন্ট করার কার্টিজও নেই। বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আদালত কীভাবে চলবে?’

বিচারপতির প্রশ্নের উত্তরে মুখ্যসচিব জানান, ‘অর্থ সমস্যা নয়। আগামী সাতদিনের মধ্যে রিপোর্ট দিয়ে জানাব, কাজ কতদিনের মধ্যে শেষ করা সম্ভব হবে।’