জম্মু-কাশ্মীরে নতুন করে উত্তেজনা, মসজিদের কাছে বিস্ফোরণে আটক ২

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ডুমরি মহল্লার জামা মসজিদের কাছে হঠাৎই একটি বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে।
আইইডি বিস্ফোরণের প্রাথমিক অনুমান
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি আইইডি (IED) বিস্ফোরণ। তবে, তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে। বিস্ফোরণের কারণ ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
কেন এলাকায় উত্তেজনা?
সম্প্রতি এই এলাকায় উত্তেজনার পারদ চড়েছিল। এর কিছুদিন আগেই আম আদমি পার্টির (AAP) একমাত্র বিধায়ক মেহরাজ মালিককে জননিরাপত্তা আইনে (PSA) গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি আধিকারিককে হুমকি দেওয়া এবং উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ছিল।
জেলাশাসক হরবিন্দর সিং জানিয়েছিলেন, মালিক নিয়মিতভাবে ফেসবুক লাইভে ভুল তথ্য ছড়াচ্ছিলেন এবং যুব সমাজকে উসকে দিচ্ছিলেন, যা জনশৃঙ্খলা বিঘ্নিত করছিল। তাঁর গ্রেফতারির পর থেকেই এলাকায় উত্তেজনা ছিল। এই আবহে নতুন করে বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত এক জঙ্গি নেতার মৃত্যু হয়। এই ধরনের ঘটনার ঘনঘটা স্থানীয়দের মধ্যে এক নতুন আশঙ্কার জন্ম দিয়েছে।