অ্যাশেজে জয়ের দোরগোড়ায় অজিরা, ট্র্যাভিস হেডের ১৭০ রানে কুপোকাত ইংল্যান্ড; কামিন্সদের দরকার মাত্র ৪ উইকেট

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ২০৭/৬। জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের লক্ষ্য আরও ২২৮ রান, অন্যদিকে প্যাট কামিন্সদের প্রয়োজন মাত্র ৪টি উইকেট। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অ্যালেক্স ক্যারের সেঞ্চুরি (১০৬) এবং মিচেল স্টার্কের অর্ধশতরানে ভর করে ৩৭১ রান তোলে অজিরা। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে, যেখানে অধিনায়ক বেন স্টোকস ৮৩ রান করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রুদ্রমূর্তি ধারণ করেন ট্র্যাভিস হেড। তাঁর অনবদ্য ১৭০ রানের ওপর ভর করে ৩৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ডের টপ অর্ডার ও মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জ্যাক ক্রলের ৮৫ এবং জো রুটের ৩৯ রান ছাড়া বাকিরা চূড়ান্ত ব্যর্থ। স্টোকস আউট মাত্র ৫ রানে। ক্রিজে অপরাজিত আছেন জেমি স্মিথ (২) ও উইল জ্যাকস (১১)। পঞ্চম দিনে ব্যাগি গ্রিনদের জয় এখন কেবল সময়ের অপেক্ষা।