অবশেষে মা হলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। সোমবার একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। অগস্ট মাসে ডেলিভারির তারিখ থাকলেও, নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই পৃথিবীতে এল অহনা ও দীপঙ্করের প্রথম সন্তান। এই সুখবরে উচ্ছ্বসিত অনুরাগীরা।
সোমবার দুপুরে অভিনেত্রী নিজেই এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি লেখেন, “এসো মা লক্ষ্মী, বসো ঘরে। নতুন চরিত্রে আমরা মা ও বাবা।” এর সাথে একটি মিষ্টি ছবিও পোস্ট করেন অহনা। ছবিতে দেখা যাচ্ছে, গালে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি, আর তাঁর পিছনে স্বামী দীপঙ্কর উঁকি দিচ্ছেন। অহনার হাতে ধরা একটি কার্ড, যেখানে লেখা, “সি ইজ হিয়ার” (She is here)।
মঙ্গলবার অহনা তাঁর সদ্যোজাত কন্যা সন্তানের সঙ্গে আরও দুটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অহনা তাঁর মেয়েকে পরম মমতায় বুকে আগলে রেখেছেন এবং একদৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। যদিও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সদ্যোজাত সন্তানের মুখটি একটি লাল হার্ট ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন তিনি। ছবিগুলো শেয়ার করে অহনা লিখেছেন, “আশীর্বাদ করবেন সবাই।”
এর আগে সোমবার রাতেই অহনা একটি ভিডিও শেয়ার করে জানান যে, সন্তান প্রসবের পর তিনি সুস্থ আছেন। ভিডিওতে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি অনুরাগীদের ধন্যবাদ জানান তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য। অহনা বলেন, “তোমরা এত প্রার্থনা করেছ আমাদের বেবির জন্য, সব ঠিক আছে। আমরা সুস্থ আছি। খুব স্মুদলি সবকিছু হয়েছে। সবকিছু তোমাদের বলব, সবকিছু তোমাদের দেখাব।”
অহনা দত্ত ছোটবেলা থেকেই পরিচিত মুখ। নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মাধ্যমে তিনি প্রচারের আলোয় আসেন, যেখানে তিনি তাঁর মা চাঁদনীর সাথে অংশগ্রহণ করেছিলেন। এরপর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে খলনায়িকা মিশকা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে অত্যন্ত পরিচিতি লাভ করেন। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে অহনা ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেন। এই সময়ে তিনি বিভিন্ন ফ্যাশন শুট এবং ভ্লগিংয়েও যুক্ত ছিলেন। নতুন সদস্য আগমনে অহনা ও দীপঙ্করের পরিবারে এখন আনন্দের ঢেউ।