গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট থেকে অস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, মুচিপাড়া এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি গুলিচালনার ঘটনায় এই দুই যুবক জড়িত ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ।
কীভাবে ধরা পড়ল অভিযুক্তরা?
সোমবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ বাবুঘাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম আয়ুষ কুমার ঝা এবং পিয়ুষ গুপ্তা। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অস্ত্র ও গুলি বিক্রি করার জন্যই তারা ওই এলাকায় এসেছিল।
পুলিশ সূত্রে আরও খবর, এই দুই অভিযুক্ত মুচিপাড়া থানা এলাকার একটি গুলিচালনার ঘটনাতেও যুক্ত ছিল। এই ঘটনার পর থেকেই পুলিশ তাদের খুঁজছিল। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।