অস্ট্রেলিয়ান ওপেনের প্লে-অফ খেলতে যেতে পারছেন না সুমিত নাগাল! ভিসা প্রত্যাখ্যান হওয়ায় চিনা দূতাবাসকে কাতর আর্জি

আগামী বছর অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ান ওপেনের যোগ্যতা নির্ণায়ক পর্বে (Asia-Pacific Play-off) অংশ নিতে শীঘ্রই চিনে পৌঁছনোর কথা ছিল ভারতের এক নম্বর টেনিস প্লেয়ার সুমিত নাগালের। কিন্তু আচমকাই বিপত্তি ঘটে, চিনে যাওয়ার জন্য ভিসা হাতে পেলেন না তিনি। শেষমেশ, সমস্যার আশু সমাধানে সরাসরি সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি জানালেন এই তারকা।
দূতাবাসকে সরাসরি অনুরোধ: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশগ্রহণের সুযোগ পেতে সুমিত নাগালকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলভিত্তিক প্লে-অফে অংশ নিতে হবে। কিন্তু বৈধ কোনো কারণ ছাড়াই তাঁর ভিসার আবেদন খারিজ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন ২৮ বছর বয়সী এই তারকা।
নিজের ‘এক্স’ (X) হ্যান্ডলে ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র জু জিং এবং সেদেশের দূত জু ফেইহংকে উদ্দেশ্য করে নাগাল লেখেন, “এটি একটি জরুরি বিষয়। আমি সুমিত নাগাল, ভারতের এক নম্বর টেনিস প্লেয়ার। অস্ট্রেলিয়ান ওপেনের প্লে-অফে ভারতের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের জন্য শীঘ্রই আমার চিনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার ভিসার আবেদন বৈধ কোনো কারণ ছাড়াই প্রত্যাখ্যান করা হয়েছে। আপনাদের জরুরি সাহায্য পেলে কৃতজ্ঞ থাকব।”
নাগালের বর্তমান অবস্থান: বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে 275 নম্বরে রয়েছেন সুমিত নাগাল। তবে গত দু’টি মরশুমে অসাধারণ টেনিস উপহার দিয়ে তিনি একসময় সেরা একশোয় ঢুকে পড়েছিলেন। গত বছর তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজের ব্যক্তিগত সেরা 68তম স্থানে ছিলেন।
প্রসঙ্গত, 2024 অস্ট্রেলিয়ান ওপেনে নাগাল ইতিহাস গড়েছিলেন। প্রতিযোগিতার 31তম বাছাই আলেকজান্ডার বুবলিককে স্ট্রেট সেটে হারিয়ে 1989 সালের পর প্রথম ভারতীয় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামে বাছাই প্রতিদ্বন্দ্বীকে হারানোর নজির গড়েন তিনি।
দেশের সেরা টেনিস তারকার এই আকুল আবেদনে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকেরা সাড়া দেন কি না এবং তাঁর চিনে যাওয়ার সমস্যা দ্রুত সমাধান হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।