অসমে NDA-র টার্গেট ‘১০৩’! হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে ১২৬ আসনের রণনীতি তৈরি গেরুয়া শিবিরের কোর কমিটির বৈঠকে

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির সঙ্গে ২০২৬ সালেই অসমেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিহারের পর অসমেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

শনিবার অসম বিজেপি-র কোর কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থির হয়েছে, শরিক দলগুলির সঙ্গে জোট বেঁধেই বিজেপি অসমে নির্বাচন লড়বে। ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ (NDA)-এর লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। বৈঠকে সিদ্ধান্ত হয়, জোটসঙ্গীদের নিয়ে এনডিএ মোট ১০৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সার্বিক উন্নয়নই বিজেপির প্রধান লক্ষ্য।

হিমন্ত বিশ্বশর্মার আত্মবিশ্বাস: ‘সহজেই জয় পাব’

বৈঠক শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দৃঢ়তার সঙ্গে বলেন, উন্নয়নের মডেলে ভর করেই অসমের বিধানসভা ভোটে বিজেপি সহজেই জয় পাবে। তিনি দাবি করেন, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতোই অসমেও তাঁরা সহজে ক্ষমতা ধরে রাখতে পারবেন।

তবে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেন, “অসমে আমরা একশোটির বেশি আসনে জয়ী হতে পারব না। এখানকার জনবিন্যাস সেরকমই। অসমে ১২৬টি আসনের মধ্যে আমরা ১০৩টি আসনে লড়তে পারি। তার মানে এই নয় যে আমরা বাকি আসনগুলিতে লড়তে পারি না। এখানকার যা জনবিন্যাস, তাতে বিজেপি এবং তার সঙ্গী দলগুলি সর্বাধিক ১০৩টি আসনেই মানুষের কাছে পৌঁছতে পারবে।”

হিমন্ত বিশ্বশর্মা আরও দাবি করেছেন, সম্প্রতি অসমে সীমানা পুনর্বিন্যাসের পর দশ-পনেরোটি নতুন আসনে বিজেপি-র জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যে আসনগুলিতে বর্তমানে বিজেপি-র কোনও বিধায়ক নেই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অসমের ভোটে তরুণ প্রজন্ম এবং মহিলাদেরই প্রার্থী করার উপরে বেশি জোর দেবে বিজেপি।