‘অমিত শাহ খুব নার্ভাস ছিলেন, হাত কাঁপছিল’! স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ নিয়ে বিতর্ক উসকে দিলেন রাহুল গান্ধী, ফের চ্যালেঞ্জ

লোকসভায় নির্বাচনী সংস্কার বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার পরও তাঁর বিরুদ্ধে আক্রমণ বজায় রাখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কোনো প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেননি।
রাহুল গান্ধী বলেন, “অমিত শাহজি গতকাল খুব নার্ভাস ছিলেন। তিনি ভুল ভাষা ব্যবহার করেছেন, তার হাত কাঁপছিল… তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছেন। গতকাল সবাই এটা দেখেছে। আমি তাকে যা জিজ্ঞাসা করেছি, তিনি সরাসরি উত্তর দেননি। তিনি কোনো প্রমাণ দেননি।”
রাহুল গান্ধী আরও একবার অমিত শাহকে চ্যালেঞ্জ জানান, “আমি তাকে সরাসরি চ্যালেঞ্জ করেছি যে তিনি মাঠে আসুন এবং সংসদে আমার সমস্ত প্রেস কনফারেন্স নিয়ে আলোচনা করুন। আমি কোনো উত্তর পাইনি।” আরেক কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়াও একই সুরে সুর মিলিয়ে বলেন, “যে স্বচ্ছতা থাকা উচিত ছিল তা দেখা যায়নি। তিনি আসল প্রশ্নের উত্তর দেননি, বরং কংগ্রেসকে অভিযুক্ত করেছেন।”
‘হিট অ্যান্ড রান’ কৌশলের পাল্টা জবাব বিজেপির:
অন্যদিকে, বিজেপি কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতাকে ‘হিট অ্যান্ড রান’ কৌশল অবলম্বনের জন্য অভিযুক্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, “রাহুল গান্ধী হিট-অ্যান্ড-রান ফর্মুলা গ্রহণ করেন… যখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, তিনি ওয়াকআউট করেন, এটাই তার গণতন্ত্র। সত্য শোনার শক্তি তার নেই। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে তার খারাপ লেগেছে। আমি বিশ্বাস করি রাহুল গান্ধীকে এই অভ্যাস ত্যাগ করতে হবে… স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে পুরো নেহেরু পরিবার ছত্রভঙ্গ হয়ে গেছে।”
প্রসঙ্গত, বুধবার লোকসভায় ‘ভোট চুরির’ অভিযোগ নিয়ে অমিত শাহ এবং রাহুল গান্ধীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বিরোধীদের ওয়াকআউটের মাধ্যমে এই অধিবেশন শেষ হয়। শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-কে সমর্থন করে এটিকে নির্বাচনী তালিকা “শুদ্ধ” করার জন্য একটি প্রয়োজনীয় প্রক্রিয়া বলে অভিহিত করেছিলেন।