“অমিত শাহ কি তবে আমার দলের ডেটা চোর?” ইডি-র হানার মাঝেই প্রতীক জৈনের বাড়ি গিয়ে গর্জে উঠলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কয়লাকাণ্ডের পুরনো মামলাকে হাতিয়ার করে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার সকালে আই-প্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের অফিসে অতর্কিতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু পরিস্থিতি চরম নাটকীয় মোড় নেয় যখন তল্লাশি চলার মাঝেই সেখানে সশরীরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রায় ১৫ মিনিট বাড়ির ভেতরে থাকার পর একটি ‘সবুজ ফাইল’ হাতে নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।
বাড়ি থেকে বেরিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার দলের হার্ড ডিস্ক, নির্বাচনী কৌশল এবং প্রার্থীর তালিকা হাতিয়ে নিতেই এই হানা দেওয়া হয়েছে।” তিনি অভিযোগ করেন যে, ইডি-কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কেন্দ্র। একই সঙ্গে SIR ইস্যু টেনে তিনি দাবি করেন, লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আই-প্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশির সময় একজন মুখ্যমন্ত্রীর এভাবে পৌঁছে যাওয়াকে ভারতীয় রাজনীতির ইতিহাসে ‘নজিরবিহীন’ বলে মনে করছেন বিশ্লেষকরা।