অমরনাথে নামল ধস, মৃত্যু এক মহিলা পুণ্যার্থীর, বন্ধ হয়ে গেল যাত্রা

একটানা ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও পাথরের কারণে জম্মু ও কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বালতাল রুটে পাহাড় থেকে নেমে আসা ধস ও পাথরের আঘাতে এক মহিলা পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় অমরনাথ যাত্রার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ই জুলাই, ২০২৫) অমরনাথ যাত্রার বালতাল রুটে গান্দেরবাল জেলার অধীনে এক জায়গায় লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ ধস নামে। ধসে চাপা পড়ে পাথরের আঘাতে এক মহিলা পুণ্যার্থী প্রাণ হারান এবং তিনজন আহত হন। এই ঘটনার পরপরই জম্মু থেকে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অমরনাথ যাত্রার পথে একাধিক স্থানে ধস নামার কারণে বহু পুণ্যার্থী আটকা পড়েছেন। পাথর ও কাদায় যাত্রাপথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, পর্যটকরা কাদার স্রোতে ভেসে যাচ্ছেন এবং অনেকে পাশের রেলিং ধরে কোনো রকমে নিজেদের রক্ষা করছেন। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে জানা গেছে।
Indian Army to the rescue of pilgrims at Amarnath Yatra route in Kashmir
Due to incessant rains a situation emerged last night where a large number of Yatris were stuck between Bararimerg and Rayalpatri along the Northern Route of Yatra. Indian Army deployment at Bararimerg came… pic.twitter.com/jGbob6B4JP
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 17, 2025
উল্লেখ্য, গত ৩রা জুলাই অমরনাথ যাত্রা শুরু হয়েছিল এবং আগামী ৯ই আগস্ট যাত্রা শেষ হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন।
ধস নামার খবর পেয়েই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) উদ্ধারকাজে নেমেছে। বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) অমরনাথ যাত্রার পথে জমে থাকা পাথর সরিয়ে এবং রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, রাস্তা পুরোপুরি সারাই না হওয়া পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গান্দেরবালের এই বালতাল রুট ১৪ কিলোমিটার দীর্ঘ। তুলনামূলকভাবে কম দৈর্ঘ্যের হলেও, এই পথটি অত্যন্ত খাড়া এবং ঝুঁকিপূর্ণ। প্রকৃতির এই রুদ্ররূপের কারণে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।