অবশেষে পুলিশের জালে সেই দুই ধর্ষক, পাটনায় তরুণীকে বন্দুকের মুখে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

বিহারের পাটনায় বন্দুকের মুখে এক তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে এগারোটা নাগাদ পাটনা জেলার একটি রেলস্টেশনের কাছে এক মহিলা অপেক্ষা করছিলেন। সেই সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করে। এরপর তাঁকে স্টেশনের কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে দু’জনে মিলে গণধর্ষণ করে।

কোনোক্রমে ধর্ষকদের হাত থেকে পালিয়ে ওই মহিলা টহলরত পুলিশের কাছে পুরো ঘটনাটি খুলে বলেন। এরপরই পাটনা রুরাল পুলিশ সুপার বিক্রম সিহাগের নির্দেশে দ্রুত তদন্ত শুরু হয়। প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ সোনু কুমার যাদব এবং নিরঞ্জন নামে দুই অভিযুক্তকে শনাক্ত করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। পুলিশ সুপার জানান, ধৃতদের মধ্যে সোনু কুমার যাদব একজন কুখ্যাত অপরাধী। ফতুয়া, বাড়, খুসরুপুর এবং জাক্কানপুর থানায় তার বিরুদ্ধে তোলাবাজি, শারীরিক নির্যাতন-সহ একাধিক অপরাধের আটটি মামলা রয়েছে। সম্প্রতি তারা জমির দালালি ও তোলাবাজির সঙ্গেও যুক্ত হয়েছিল।

পুলিশ সুপার বিক্রম সিহাগ আরও জানান, সোনুর অপরাধের শিকার হয়েছেন এমন আরও অনেকে আছেন। যারা ভয়ে এতদিন মুখ খোলেননি, তাদেরও পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। এই ঘটনায় দুই অভিযুক্তের গ্রেফতারি নিঃসন্দেহে পুলিশের একটি বড় সাফল্য।