অপারেশন সিঁদুর’ নিয়ে কংগ্রেসে মোদীর কটাক্ষ -“বিরোধী দলই শত্রুপক্ষের হয়ে কাজ করছিল”

সংসদে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, পাকিস্তান এই অভিযান নিয়ে ক্রমাগত মিথ্যা প্রচার করেছে এবং কংগ্রেস সেই মিথ্যাকেই দেশের অভ্যন্তরে ছড়িয়ে দিয়েছে। মোদীর দাবি, দেশের প্রধান বিরোধী দলই আদতে প্রতিবেশী শত্রু দেশের হয়ে কাজ করছিল।

প্রধানমন্ত্রী সংসদে বলেন, “বিশ্বের প্রায় সব দেশ ভারতকে এই অভিযানে সমর্থন করেছিল। শুধুমাত্র তিনটি দেশ পাকিস্তানের হয়ে কথা বলেছিল। আর কথা বলেছিল – কংগ্রেস।” তিনি আক্ষেপ করে বলেন, “দুর্ভাগ্য, সব দেশ ভারতকে সমর্থন করলেও কংগ্রেসের সমর্থন মেলেনি।” তাঁর অভিযোগ, কংগ্রেসের বক্তব্য ভারতীয় সেনার মনোবল কমিয়ে দিচ্ছিল, কারণ তাদের ভারতীয় সেনা বা শক্তির উপর ভরসা নেই।

হাত শিবিরকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বিদেশনীতি প্রসঙ্গেও কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন, ২২ এপ্রিলের তিন-চার দিন পর কংগ্রেস “৫৬ ইঞ্চি কোথায়” বলে লাফাচ্ছিল। কিন্তু যখন গোটা বিশ্ব ভারতকে সমর্থন করছিল, তখন তাদের আচরণ পাল্টে যায়। মোদী বলেন, “পরে ওরাই প্রমাণ চাইছিল, হামলার সত্যতা নিয়ে প্রশ্ন করছিল। খুবই খারাপ বিষয় যে, পাকিস্তানের মতো কংগ্রেস হামলার প্রমাণ চেয়েছে।”

কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইকের ইস্যুতেও অনেক প্রশ্ন তুলেছিল বলে মোদী অভিযোগ করেন। অতীতের কথা মনে করিয়ে তিনি বলেন, “বিরোধীরা কেউ বলে ৩টে স্ট্রাইক করেছিল, কেউ বলে ১৫টা! আসলে যত বড় নেতা, তত বড় দাবি।” পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ টেনে মোদী দাবি করেন, “সেই সময় কংগ্রেস খুব মজা পেয়েছিল। ভেবেছিল টাইট দেওয়া গেছে। সম্প্রতি বিএসএফ জওয়ান পাকড়াও হওয়ার সময়ও লাফিয়েছিল ওরা। কিন্তু দুই ক্ষেত্রেই বুক চওড়া করে ওঁদের ফিরিয়ে এনেছি।”

প্রধানমন্ত্রী ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেন, “১০০ শতাংশ সফল হয়েছে সেনা। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার কল্পনা পর্যন্ত করেনি।” মোদীর আরও সংযোজন, “জঙ্গি আক্রমণ আগেও হয়েছে দেশে। সে সময় জঙ্গিরা হামলা চালিয়ে নিশ্চিন্ত থাকত। কারণ জানত, পাল্টা আক্রমণ হবে না। বরং তারা পরবর্তী হামলার প্রস্তুতি নিত। আর এখন, জঙ্গিরা ঠিক মতো ঘুমোতে পারে না। কারণ জানে, ভারত আসবে, পাল্টা মেরে চলে যাবে।”

প্রধানমন্ত্রীর এই আক্রমণাত্মক বক্তব্য সংসদের অভ্যন্তরে এবং বাইরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy