‘অপারেশন সিঁদুর’-এর পর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শ্রীনগর-জম্মুর জনপ্রিয় কোন কোন জায়গায় যেতে পারবেন পর্যটকরা?

শারদীয়া দুর্গাপূজা উৎসবের ঠিক আগে পর্যটকদের জন্য এক বড় সুখবর দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ থাকা মোট ১২টি পর্যটনকেন্দ্র সোমবার, ২৯ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শুক্রবার শ্রীনগরের রাজভবনে ‘ইউনিফাইড হেডকোয়ার্টার্স’-এর বৈঠকে সুরক্ষাজনিত পদক্ষেপ পর্যালোচনার পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এই বৈঠকে মুখ্য সচিব অটল দুল্লো সহ শীর্ষ সেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
যে কারণে বন্ধ ছিল পর্যটনস্থলগুলি
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীরা ২৬ জনকে নৃশংসভাবে খুন করেছিল। এই নারকীয় ঘটনার পরই ‘সম্ভাব্য’ নাশকতার আশঙ্কায় প্রশাসন কাশ্মীর ও জম্মুর স্পর্শকাতর পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়, যার জেরে ভারত ৭ মে পাকিস্তানের মাটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে প্রত্যাঘাতমূলক সামরিক অভিযান চালায়। বর্তমানে যুদ্ধবিরতি হলেও নিয়ন্ত্রণরেখায় (এলওসি) এখনও উত্তেজনার রেশ রয়ে গিয়েছে।
খুলে যাচ্ছে যে ১২টি স্পট
পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পরই প্রশাসন এই ১২টি স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের একাধিক জনপ্রিয় ও স্পর্শকাতর স্থান:
অঞ্চল স্থানগুলির নাম
কাশ্মীর উপত্যকা (৭টি) আরু ভ্যালি, র্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট (অন্য দুটি নাম এখনও প্রকাশিত হয়নি)।
জম্মু (৫টি) দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগ্গার, রিয়াসি এবং সালালের শিব গুহা।
দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর পর্যটনকেন্দ্রগুলি খুলে যাওয়ায়, দুর্গাপূজার এই মরসুমে কাশ্মীরের পর্যটন শিল্পে নতুন করে গতি আসবে বলে আশা করা হচ্ছে।