বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার আরাহ-র এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, পাকিস্তানে বিস্ফোরণের সময় কংগ্রেসের ‘রাজপরিবারের’ ঘুম উড়ে গিয়েছিল। তিনি কটাক্ষ করে বলেন, সম্প্রতি পরিচালিত ‘অপারেশন সিঁদুরের’ (Operation Sindoor) পরও পাকিস্তান ও কংগ্রেসের ‘নামদাররা’ এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন,
“আজ ভারত নিজের শক্তিতে জঙ্গিদের ঘাঁটিতে ঢুকে তাদের শেষ করছে। সম্প্রতি আমরা ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালিয়েছি। এটা কি আমাদের দেওয়া গ্যারান্টির প্রমাণ নয়? আমাদের সেনার এই সাহসিকতায় প্রত্যেক ভারতবাসীর গর্ব হওয়া উচিত। কিন্তু কংগ্রেস ও আরজেডি এর পরেও অসন্তুষ্ট। পাকিস্তানে বিস্ফোরণ হলে কংগ্রেসের রাজপরিবারের ঘুম উড়ে যায়। আজও তারা ও পাকিস্তান, ‘অপারেশন সিঁদুর’-এর ধাক্কা সামলে উঠতে পারেনি।”
৩৭০ ধারা রদ ‘মোদীর গ্যারান্টি’
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের বিষয়টিকেও ‘মোদীর গ্যারান্টি’ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে এবং ‘আজ জম্মু ও কাশ্মীরে ভারতের সংবিধান পুরোপুরি কার্যকর হয়েছে।’
এনডিএ-র লক্ষ্য ‘উন্নত বিহার’
রবিবারের জনসভায় প্রধানমন্ত্রী শুধু বিরোধী জোটকে আক্রমণ করেননি, এনডিএ (NDA) সরকারের উন্নয়নমূলক কাজগুলিও তুলে ধরেন। তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন,
“বিহারের মানুষ রেকর্ড সংখ্যক ভোটে এনডিএ সরকারকে আবার ক্ষমতায় আনবে। এই সরকার সৎভাবে কাজ করবে, দূরদর্শী পরিকল্পনায় এগোবে এবং বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করবে। আমাদের লক্ষ্য ‘বিকশিত ভারত’, আর তার প্রথম ধাপ হচ্ছে ‘উন্নত বিহার’।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মোদির এই মন্তব্য বিজেপির কৌশলগত প্রচারের অংশ। ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যকে জাতীয় গর্বের সঙ্গে যুক্ত করে তিনি ভোটারদের আবেগে টান দিতে চাইছেন এবং একই সঙ্গে কংগ্রেসকে দুর্বল প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, বিহারে (Bihar Election) আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় ভোট হবে এবং আগামী ১৪ নভেম্বর ভোট গণনা।