‘অপারেশন সিঁদুরের সাফল্যকে কুর্নিশ’, ফোর্ট উইলিয়মে সেনার কম্যান্ডার্স কনফারেন্সে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ফোর্ট উইলিয়মে অনুষ্ঠিত ১৬তম কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স (CCC)-এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখানে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অপারেশন সিঁদুরের প্রশংসা
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান। এছাড়াও, তিনি জালনোট বিরোধী অভিযান, বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী যেকোনো পরিস্থিতিতে দেশের জনগণের পাশে দাঁড়ায়।
ভবিষ্যতের জন্য মোদির বার্তা
প্রধানমন্ত্রী সেনাবাহিনীতে বৃহত্তর ঐক্য, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনী শক্তির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এই তিনটি বিষয় অত্যন্ত জরুরি।”
তিনি ২০২৫ সালের জন্য নেওয়া অঙ্গীকারগুলো মাথায় রেখে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। গত দুই বছরে কী কী প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং আগামী দুই বছরের জন্য কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পরিদর্শন সেনাবাহিনীর মনোবলকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।