অপরাধীদের আর রেহাই নেই! সিসিটিভিতেই ধরা পড়বে দুষ্কৃতীর মুখ, মালদহ স্টেশনে নিরাপত্তা বাড়াচ্ছে রেল!

অপরাধ করার পর রেল স্টেশনে গেলেই এবার ধরা পড়বে দুষ্কৃতীরা। এবার থেকে মালদহ টাউন রেল স্টেশনে বিশেষ ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধ দমনে নজরদারি চালানো হবে। এতদিন দেশের বড় ও ব্যস্ত রেল স্টেশনগুলিতে এই প্রযুক্তি চালু থাকলেও, এবার তা মালদহেও শুরু হওয়ায় যাত্রী সুরক্ষা কয়েক গুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
পূর্ব রেলের আরপিএফ আইজি অমিয় নন্দন সিনহা জানান, এই প্রযুক্তিটি বিশেষভাবে চোখ, নাক, মুখ এবং মুখের গঠনের অবস্থান চিহ্নিত করে কাজ করবে।

ডেটাবেস থেকে শনাক্তকরণ: রেলের খাতায় নাম থাকা বা এর আগে কোনও অপরাধে আরপিএফ দ্বারা গ্রেফতার হওয়া কোনো ব্যক্তি যখন স্টেশন চত্বরে প্রবেশ করবে, তখন তার মুখমণ্ডল সিসিটিভিতে ধরা পড়তেই আরপিএফের কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে।

নজরদারি ও জিজ্ঞাসাবাদ: বার্তা পাওয়ার পর আরপিএফ সেই ব্যক্তির উপর বিশেষ নজরদারি শুরু করবে এবং প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করবে। এর ফলে সে যাতে পুনরায় কোনো অপরাধ না করতে পারে, তা নিশ্চিত করা যাবে।

নজরদারির পরিধি বাড়ছে
আরপিএফ আইজি আরও জানান, “শুধুই প্ল্যাটফর্ম বা সংরক্ষিত জায়গা নয়, এবারে স্টেশন চত্বরের জনশূন্য স্পর্শকাতর জায়গাতেও নজরদারি থাকবে।” এতদিন শুধুমাত্র সিসিটিভির মাধ্যমে নজরদারি চললেও অপরাধ দমনে আশানুরূপ সফলতা আসেনি। তবে এই নতুন প্রযুক্তির পদ্ধতি ব্যবহারের ফলে অপরাধমূলক কর্মকাণ্ড এড়ানো যাবে বলে দাবি আরপিএফ কর্তৃপক্ষের।