অন্নপূর্ণার টাকা নিয়ে তুলকালাম! বালুরঘাটে এসডিও অফিসে ইটবৃষ্টি, রাস্তা অবরোধ মহিলাদের

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্ট না পৌঁছনোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। দীর্ঘদিন ধরে আবেদন জমা থাকলেও স্টেটাস কেন ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে এবং কেন মিলছে না ভাতা, সেই প্রশ্ন তুলে বালুরঘাট মহকুমা শাসকের (SDO) অফিসে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার শয়ে শয়ে মহিলা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।এদিন দুপুরের দিকে ক্ষুব্ধ মহিলারা বালুরঘাট এসডিও অফিস চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বারবার সরকারি দপ্তরে যোগাযোগ করা হলেও সদুত্তর মিলছে না। অনেক দিন আগে সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও পোর্টালে আবেদনের বর্তমান অবস্থা এখনও ‘আন্ডার প্রসেস’ ঝুলে রয়েছে। এই বঞ্চনার ক্ষোভ একসময় চরমে পৌঁছয়। উত্তেজিত মহিলাদের একাংশ এসডিও অফিসের সামনের নামফলক ভেঙে ফেলেন এবং মূল গেট লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন বলে অভিযোগ। অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর মহিলারা সেখান থেকে বেরিয়ে বালুরঘাট জেলাশাসকের (DM) অফিসের সামনেও বিক্ষোভ দেখান। সেখানেও কোনো সুরাহা না মেলায় তাঁরা রাস্তায় বসে অবরোধ শুরু করেন। যার জেরে শহরের অন্যতম ব্যস্ততম ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারী মহিলাদের ক্ষোভ, যাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা রয়েছে কিংবা যাঁরা অযোগ্য, তাঁরা দিব্যি প্রকল্পের টাকা পাচ্ছেন। অথচ যাঁদের স্বামী দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ী, সেই সমস্ত প্রকৃত উপভোক্তারা মাসের পর মাস ধরে খালি হাতে ঘুরছেন। প্রশাসনিক দপ্তরে কর্মী ও সাধারণ মানুষের এই বচসা ও উত্তেজনার জেরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দীর্ঘক্ষণ বুঝিয়ে ও পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করে অবরোধ হঠায়। তবে এই ঘটনায় প্রশাসনিক স্তরে তোলপাড় শুরু হয়েছে। দ্রুত সমস্ত বকেয়া আবেদন খতিয়ে দেখে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুংকার দিয়ে রেখেছেন বিক্ষুব্ধ মহিলারা।