“অনুমতি ছাড়াই দৃশ্য ব্যবহার!”-সৌরভ গঙ্গোপাধ্যায়ের মামলায় কড়া শর্তে মুক্তি ‘দুসরা’-র

লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর বিখ্যাত মুহূর্তটি সিনেমায় বিনা অনুমতিতে ব্যবহার করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বড় রায় দিল দিল্লি হাইকোর্ট। ২০০২ সালের ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সেই অবিস্মরণীয় সেলিব্রেশনের দৃশ্য এবং সৌরভের ক্রিকেটীয় পরিচিতি বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ মহারাজ। দীর্ঘ আইনি লড়াই ও শুনানির পর অবশেষে ছবিটির মুক্তি ও শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশালিকা জারি করল আদালত।

কী ছিল পুরো বিতর্ক?

শুক্রবার বিচারপতি তেজস কারিয়ার এজলাসে এই হাই-ভোল্টেজ মামলার রায় ঘোষণা হয়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর অনুমোদিত বায়োপিকের প্রযোজনা সংস্থা ‘লভ ফিল্মস এলএলপি’ যৌথভাবে এই মামলাটি দায়ের করেছিল।

তাঁদের প্রধান অভিযোগ ছিল, রমেশ দেও প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘দুসরা’ (Doosra) ছবিতে কোনো রকম পূর্বানুমতি ছাড়াই সৌরভের চেহারা, নাম এবং লর্ডসের ব্যালকনিতে জামা খোলার সেই আইকনিক দৃশ্যটি ব্যবহার করা হয়েছে। গত ১২ অক্টোবর ছবির ট্রেলার মুক্তির পরই বিষয়টি নজরে আসে সৌরভ শিবিরের। অভিযোগ তোলা হয়, এই ধরনের উপস্থাপনা সাধারণ দর্শকদের বিভ্রান্ত করছে এবং অনেকে মনে করছেন যে সৌরভ হয়তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন।

ছবি মুক্তির অনুমতি দিলেও একাধিক কড়া শর্ত আদালতের

মামলার প্রাথমিক পর্যায়ে ছবির মুক্তির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি না করলেও আদালত ছবিটির স্ক্রিনিং পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিল। এদিন চূড়ান্ত রায়ে বিচারপতি তেজস কারিয়া পর্যবেক্ষণ করেন যে, ছবির চিত্রনাট্যের সঙ্গে সৌরভের বর্ণময় ক্রিকেট জীবনের ঘটনাগুলি অত্যন্ত গভীরভাবে জড়িয়ে থাকায় এই শেষ মুহূর্তে নির্দিষ্ট দৃশ্যগুলি কেটে বাদ দেওয়া টেকনিক্যালি সম্ভব নয়।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত ও আইনি অধিকার সুরক্ষিত রাখতে প্রযোজক সংস্থাকে কঠোর শর্তে বেঁধে দিয়েছে আদালত:

  • ডিসক্লেমার বাধ্যতামূলক: আগামী দুই দিনের মধ্যে ছবির শুরু এবং শেষে হিন্দি ও ইংরেজি—উভয় ভাষাতেই বড় ও স্পষ্ট হরফে ডিসক্লেমার যোগ করতে হবে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে যে, এই ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনো ধরনের অনুমতি ছিল না এবং তিনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নন।

  • ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি: সৌরভ ও লভ ফিল্মসের আর্থিক স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে প্রযোজনা সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে।

  • সঞ্চালনে কড়াকড়ি: আদালতের স্পষ্ট নির্দেশ, এই শর্তগুলির মধ্যে সামান্যতম ব্যত্যয় ঘটলেই থিয়েটার, ডিজিটাল কিংবা ওটিটি প্ল্যাটফর্মে ‘দুসরা’ ছবির যেকোনো বাণিজ্যিক প্রদর্শনী তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

অফিসিয়াল বায়োপিক নিয়ে প্রস্তুতি তুঙ্গে

উল্লেখ্য, ২০২১ সালের ৫ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ‘লভ ফিল্মস’-কে তাঁর জীবনের ওপর অফিশিয়াল বায়োপিক তৈরির আইনি স্বত্ব প্রদান করেছিলেন। প্রযোজনা সংস্থা আদালতকে জানিয়েছে যে, তারা ইতিমধ্যেই কোটি কোটি টাকা বিনিয়োগ করে ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ শীর্ষক মূল বায়োপিকের কাজ এগিয়ে চলেছে, যা আগামী ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।