অনলাইন বেটিংয়ের জালে শিক্ষক! শ্বশুরবাড়ি ও নিজ বাড়ি থেকে দেড় কোটি টাকা উদ্ধার, গ্রেফতার ১৪

বেআইনি অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর পুলিশ একটি বড় সাফল্য পেয়েছে। গঙ্গারামপুরের এক স্কুলশিক্ষকের বাড়ি এবং তাঁর শ্বশুরবাড়ি থেকে মোট প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরে একটি বেটিং চক্র সক্রিয় ছিল। পুলিশ এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রথমে ১২ জনকে গ্রেফতার করে। এরপর তদন্তে নেমে গঙ্গারামপুরের হোটেল ব্যবসায়ী পিন্টু ঘোষকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ আরও দুজনের সন্ধান পায়—নয়াবাজার হাই স্কুলের শিক্ষক অপূর্ব সরকার এবং কুণাল দাস।
পরে সিকিমের গ্যাংটক থেকে অপূর্ব সরকার ও কুণাল দাসকে গ্রেফতার করা হয়। অপূর্ব সরকারকে জেরা করে জানা যায়, তিনি বেটিংয়ের টাকা বালুরঘাটে তাঁর শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছেন।
রবিবার সন্ধ্যায় বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে হানা দিয়ে পুলিশ শোবার ঘর ও ঠাকুরঘর থেকে ১ কোটি ১৭ লক্ষ টাকা উদ্ধার করে। এরপর রাতেই গঙ্গারামপুর শহরের কায়স্থ পাড়ায় অপূর্ব সরকারের নিজ বাড়ি থেকে আরও প্রায় ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুটি জায়গা থেকে মোট ১ কোটি ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, এই বেআইনি বেটিং চক্রের মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তদন্ত চলছে।