অনলাইনে ফিটনেস টেস্ট দিয়ে বিতর্কে বিরাট কোহলি, কেন ছাড় দেওয়া হলো এই তারকাকে

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ওডিআই সিরিজে জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। কিন্তু তাঁর ফিটনেস টেস্ট দেওয়া নিয়ে ক্রিকেট মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।


কেন এই বিতর্ক?

অন্যান্য ক্রিকেটাররা যখন ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) হাজির হয়েছেন, তখন বিরাট কোহলি লন্ডনেই অনলাইনে ফিটনেস টেস্ট দিয়েছেন। এই বিশেষ সুবিধা নিয়েই প্রশ্ন উঠেছে।

বিরাটের ফিটনেস টেস্টের সময় ভারতীয় দল বা বিসিসিআই-এর কেউ উপস্থিত ছিলেন না। তিনি লন্ডন থেকেই অনলাইনে ফিটনেস টেস্ট দেওয়ার অনুমতি চেয়েছিলেন, এবং বিসিসিআই সেই অনুমতি দিয়েছে। ক্রিকেট মহলের অনেকেই প্রশ্ন তুলছেন যে, একজন ক্রিকেটারকে কেন এমন বিশেষ সুবিধা দেওয়া হলো, যখন দলের বাকি সবাই একই নিয়ম মেনেছেন। জানা গেছে, প্রধান কোচ গৌতম গম্ভীর তারকা ক্রিকেটারদের বিশেষ সুবিধা দেওয়ার প্রথা বন্ধ করতে চাইছেন, কিন্তু এক্ষেত্রে বিরাট সেই বিশেষ সুবিধাই পেলেন।


বিরাটকে কেন ছাড়?

এশিয়া কাপের আগে ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল, ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা, পেসার মহম্মদ সিরাজ-সহ অনেক ক্রিকেটারই বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস টেস্ট দিয়েছেন। কিন্তু শুধুমাত্র বিরাটকে বেঙ্গালুরুতে যেতে হয়নি।

যদিও বিরাটের ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই, তিনি ভারতীয় দলের সবচেয়ে ফিট খেলোয়াড়দের মধ্যে অন্যতম। কিন্তু দলের সবাই যখন বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেসের প্রমাণ দিয়েছেন, তখন বিরাটকে কেন এই ছাড় দেওয়া হলো, সেই প্রশ্নই এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।

বর্তমানে টি-২০ এবং টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন এবং অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফিরতে চলেছেন। লন্ডনেই তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ নায়িম আমিনের তত্ত্বাবধানে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy