অদ্ভূত! সরকারি ম্যাপ থেকে উধাও গোটা একটা জেলা! বিহার পর্যটনের পোস্টে হাসাহাসি নেটপাড়ায়

দেশের রাজনৈতিক মানচিত্র নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এবার বিহার সরকারের পর্যটন বিভাগ নিজেদেরই একটি জেলাকে মানচিত্র থেকে ‘উধাও’ করে দিল! সম্প্রতি বিহার পর্যটন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি মানচিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। কারণ, সেখানে পাটনা এবং গয়ার মাঝখানে অবস্থিত গুরুত্বপূর্ণ জেহানাবাদ জেলাটির নামই নেই!
বিহার পর্যটন বিভাগ রাজ্যটির বিভিন্ন অঞ্চলে প্রচলিত ভাষা নিয়ে একটি মানচিত্র প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে, কোন জেলায় কোন ভাষা (যেমন- ভোজপুরি, মৈথিলি, মগহি, অঙ্গিকা) প্রচলিত। সেই ম্যাপে পাটনা, নালন্দা, গয়া এবং ঔরঙ্গাবাদে ‘মগহি’ ভাষার কথা বলা হলেও, তাদের মাঝখানে থাকা জেহানাবাদ জেলার উল্লেখ নেই।
শুধু তাই নয়, ম্যাপের বিভ্রান্তি আরও বাড়িয়ে একই জেলার নাম দুবার লেখা হয়েছে। পাটনা ও আরওয়াল জেলার মধ্যে যেখানে জেহানাবাদ থাকার কথা, সেখানে ভোজপুর জেলার নাম উল্লেখ করা হয়েছে, অথচ ভোজপুরি ভাষা অঞ্চলে ভোজপুর জেলার নাম আগেই ছিল।
সরকারি দফতরের এমন ভুলে হতবাক নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, “পর্যটন বিভাগের কাছে কি নিজেদের জেলার সম্পর্কেই তথ্য নেই?” একজন ইউজার মন্তব্য করেছেন, “যে বিভাগ পর্যটনকে উৎসাহিত করতে চাইছে, তারাই যদি নিজেদের রাজ্য সম্পর্কে সঠিক তথ্য না জানে, তাহলে পর্যটকদের কী অবস্থা হবে?”
এই ধরনের ভুলের কারণে সরকারি তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, একটি মানচিত্র তৈরির আগে যথাযথ যাচাই করা উচিত ছিল। বিহার সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।