ধর্ম-রাজনীতির নতুন বিতর্ক! দুর্গাপূজার মণ্ডপে মোদীর ছবি রাখার নিদান, মহুয়া মৈত্রের তোপ

দুর্গাপূজার মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর আবেদন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রেখা গুপ্তর এই মন্তব্যের পরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাকে কড়া আক্রমণ করেছেন।

গত শনিবার দিল্লির বিভিন্ন পূজা কমিটি এবং রামলীলা আয়োজকদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত পূজা আয়োজনের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও, বৈঠকের শেষের দিকে তিনি বলেন, “১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত আমরা সেবাপক্ষ চালাব। এই সময় দিল্লিতে নানা সেবামূলক কাজ হবে। আমি চাই আপনারাও পুজোর দিনগুলোয় কোনো না কোনো সেবামূলক কাজ করুন।”

এর পরেই তিনি বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, “অবশ্যই প্রত্যেক মণ্ডপে মায়ের মূর্তির পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। যাতে মায়ের আশীর্বাদ পেয়ে তিনি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন।”

দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মেনে নিতে পারেননি পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি রেখা গুপ্তর ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে তীব্র নিন্দা জানান। মহুয়া লেখেন, “একটা জনসংযোগ সংস্থাকে বরাত দিন, প্রধানমন্ত্রীর যত খুশি ছবি আপলোড করুন। কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার প্রলোভনে মা দুর্গার মণ্ডপে মোদীর উদ্দেশ্যমূলক প্রচার করবেন না। বাংলার গর্ব বিক্রির জন্য নয়, মাননীয়া মুখ্যমন্ত্রী।”

এই ঘটনায় দিল্লি এবং পশ্চিমবঙ্গের বাঙালি পূজোর আয়োজকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। পুজোর মতো একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের এই চেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে।