পুজোর ঠিক আগেই মেগা লড়াই! নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

দুর্গাপুজোর ঠিক আগে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রাম এবং রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারী এবং রেজিনগরের বিধায়ক পদ থেকে হুমায়ুন কবীর পদত্যাগ করায় আসন দুটি শূন্য হয়েছিল। সেই শূন্য আসনে উপনির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ থাকবে।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। পরে সাংবিধানিক নিয়ম মেনে তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই জয়ী হয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চায় এসেছিলেন তিনি। পুজো যখন কড়া নাড়ছে ঠিক তার আগেই এই দুই হেভিওয়েট কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হওয়ায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।